জাপানে নতুন ডাইনোসর জীবাশ্মের সন্ধান
জাপানের ফুকুই অঞ্চলে নতুন একটি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। নতুন এই জীবাশ্ম নিয়ে দেশটিতে পাওয়া এই প্রজাতির জীবাশ্ম সংখ্যা দাঁড়ালো সাত।
জীবাশ্ম বিশ্লেষকদের ভাষ্যমতে, এটি থেরোপড দলের ছোট একটি ডাইনোসর ছিল। দ্বিপদ ডাইনোসরগুলোকে সাধারণত এই দলে ফেলা হয়। ফুকুই প্রিফেকচারাল ডাইনোসর মিউজিয়াম-এর সূত্রমতে, প্রাচীন সব বৈশিষ্ট্যই পাওয়া গেছে এই জীবাশ্ম নমুনায়। এই ডাইনোসরের নাম 'ফুকুইভেনাটর প্যারাডক্সাস' দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান টাইমস।
থেরোপডগুলো যখন পাখিতে বিবর্তিত হতে শুরু করলো, তখনও ফুকুইভেনাটর প্রজাতির অস্তিত্ব ছিল। “ফুকুইভেনাটর পাখিতে রূপান্তরিত হতে ব্যর্থ হয়", এমনটাই বলেছেন একজন বিশেষজ্ঞ। এই প্রজাতির ডাইনোসরগুলো লম্বায় আড়াই মিটার আর প্রায় ২৫ কেজির হত।
২০০৭ সালে অগাস্টে পাওয়া প্রায় ১২ কোটি বছর আগের একটি শিলাস্তরে জীবাশ্ম থেকে সংগৃহীত জীবাশ্ম নমুনা নিয়ে গবেষণার সময় এই আবিষ্কার করা হয়। এর শরীরের প্রায় ৭০ শতাংশ ভালো অবস্থায় ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
পালক দিয়ে ঢাকা ফুকুইভেনাটরের ঘাড়ে দুটি কাঁটাওয়ালা কশেরুকা ছিল, যা অন্য কোনো থেরাপডে পাওয়া যায়নি। এ কারণে যেসব প্রজাতির প্রাণি পাখিতে বিবর্তিত হয়েছিল, একে সেগুলোর সঙ্গে অনেকটা সমতুল্য ধরা হয়। লম্বা গলা থাকার কারণে এটি সর্বভূক ছিল বলে বিশ্বাস করা হয়।
একই শিলাস্তর থেকে আরও চারটি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে।
