আবেগে বেশি সাড়া দেন বয়স্করা
আনন্দ, দুঃখ, একাকীত্ব- এমন সব আবেগের ক্ষেত্রেই কমবয়সীদের চেয়ে বুড়োরা বেশি ইতিবাচক, এমনটাই জানা গেছে নতুন এক গবেষণায়।
এজিং অ্যাণ্ড মেন্টাল হেলথ নামের এক জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে জানা যায়, কমবয়সী লোকদের চেয়ে ষাটোর্ধ্ব লোকেরা আবেগী বিষয়গুলোতে বেশি ইতিবাচক। এসব ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়াটাও বেশি হয়।
এই গবেষণার প্রধান ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট-এর একজন গবেষক রেবেকা রিডি বলেন, "বয়স্করা কমবয়সীদের চেয়ে বেশি শান্তি অনুভব করে। এমনকি কোন ধরনের ক্ষেত্রে শান্তি অনুভব করা যায়, সে বিষয়েও কমবয়সীদের তুলনায় বয়স্করা বেশি ধারণা রাখে।"
৬০ থেকে ৯২ বছর বয়সী ৩২ জন এবং ১৮ থেকে ৩২ বছর বয়সী ১১১ জনকে নিয়ে এই গবেষণা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। অংশগ্রহণকারীদের ৭০টি আবেগপ্রবণ শব্দ দিয়ে সেগুলো কি ইতিবাচক না কি নেতিবাচক, আর সেগুলো স্বক্রিয় বা উত্তেজনামূলক কি না তা জিজ্ঞাসা করা হয়।
গবেষণায় দেখা যায়, অনেকগুলো বিষয়ে বয়স্ক আর কমবয়সীদের মধ্যে মিল পাওয়া গেলেও দুঃখ, একাকীত্ব বা শান্তি-এর মতো বিষয়গুলোতে তাদের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। একটা দলীয় কাজে সুখ, আনন্দ, উচ্ছাস এমন শব্দগুলোর আবেগের বিষয়গুলোর ক্ষেত্রে বয়স্করা কমবয়সীদের চেয়ে বেশি ইতিবাচকভাবে সাড়া দেন।
"দুঃখ বা একাকীত্ব বোধ করার সঙ্গে নিজের উপর লজ্জিত বা বিরক্ত হওয়ার মতো বিষয়গুলোতে কমবয়সীরা বেশি সাড়া দেয়, আর এটি দেখে আমরা অবাক হয়েছি", যোগ করেন রিডি।
তত্ত্বাবধায়ক, সাইকোথেরাপিস্টদের মতো যেসব লোকের মানুষের আবেগ বুঝে কাজ করতে হয়, তাদের জন্য এই গবেষণায় থেকে পাওয়া তথ্য কাজে দেবে।
