২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ নিয়ে যুক্তরাজ্য-আমিরাত চুক্তি

যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থা ইউকে স্পেস এজেন্সি-এর সঙ্গে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা সংস্থা ইউএই স্পেস এজেন্সি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 04:58 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশদুটির মধ্যে এই 'গুরুত্বপূর্ণ' সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। মহাকাশ গবেষণা বিষয়ে স্বল্প এবং দীর্ঘমেয়াদে দেশদুটি একত্রে কাজ করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর করে।

যুক্তরাজ্যের লন্ডনে চুক্তিটি স্বাক্ষর করেন ইউএই স্পেস এজেন্সি-এর চেয়ারম্যান খলিফা আল রোমাইথি এবং প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ নাসের আল আহবাবি।

এই চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণাকে কেন্দ্র করে দেশদুটির বেশকিছু বিভাগ এখন একসঙ্গে কাজ করবে। এরমধ্যে রয়েছে মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি, আইন, নীতিমালা এবং জনশক্তি উন্নয়নের মতো বিষয়।

একইসঙ্গে এই সমঝোতার মাধ্যমে দুটি সংস্থার যুক্ত হয়ে কাজ করার ভিত্তি স্থাপিত হবে, যা অন্যান্য সংস্থাকে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহী করে তুলবে। এ ছাড়াও এই চুক্তিতে দুই দেশে দুই সংস্থা এখন মহাকাশ গবেষণার ক্ষেত্রে সব প্রস্তাবের বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেবে।

সেই সঙ্গে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে পড়াশোনা এবং মহাকাশ গবেষণার পণ্য ও সেবা প্রচারের বিষয়টিও এই চুক্তির আওতায় পড়বে।