সরে দাঁড়ালেন উইকিমিডিয়া প্রধান
‘কোনো সার্চ ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেই’ এমনটা জানিয়ে পদত্যাগ করেছেন উইকিমিডিয়া ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক লিলা ট্রেটিকভ। পদত্যাগের কারণ হিসেবে এই নির্বাহী পরিচালক এক ইমেইলে জানিয়েছেন, এখন তার সড়ে দাঁড়ানোর সময় চলে এসেছে।
ফাঁস হয়ে যাওয়া এক মেমোর বরাতে জানা গিয়েছিল, অলাভজনক এই সংস্থাটি ‘কমার্স-ফ্রি’ সার্চ ইঞ্জিন তৈরি করতে চাচ্ছে। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা না করায় অধিকাংশ স্বেচ্ছাসেবকই এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে উইকিমিডিয়াকে ‘নাইট ফাউন্ডেশন’ ট্রাস্টের পক্ষ থেকে ২,৫০,০০০ ডলার অনুদান দেওয়া হয়েছিল। অনুদান প্রসঙ্গে উইকিমিডিয়ার আপলোড করা এক নথিতে জানানো হয়েছিল, সংস্থাকে অনুদানটি দেওয়া হয়েছে যাতে তারা ‘তথ্য খুঁজে পাওয়ার জন্য ‘নলেজ ইঞ্জিন’ নামে নতুন উন্নত মডেলের একটি প্রক্রিয়া তৈরি করতে পারে।’
নথিটির শেষে প্রকল্পটির একটি সারমর্মও রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। সেখানে বলা হয়েছে, ‘নলেজ ইঞ্জিন’ হবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের তৈরি বিশ্বের প্রথম স্বচ্ছ্ব সার্চ ইঞ্জিন।
এর পেছনে যে দলটি কাজ করবে, তাদের মধ্যে ট্রেটিকভ-এর নামসহ সংস্থাটির ভাইস-প্রেসিডেন্ট ওয়েস মোরান এবং উইকিমিডিয়ার সার্চ ও ডিসকভারি-এর প্রধান পরিচালক টমাজ ফিনস-এর নাম রয়েছে। কিন্তু সার্চ ইঞ্জিন তৈরির বিষয়টি অস্বীকার করে ট্রেটিকভ জানিয়েছিলেন, উইকিমিডিয়া ব্যবহারকারীরা কীভাবে অনুসন্ধান করেন ও কনটেন্ট-এর সঙ্গে সম্পৃক্ত হন, তা গবেষণার জন্য নতুন একটি দল কাজ করছে।
আরও জানানো হয়েছিল, উইকিমিডিয়া প্রকল্পের বাইরে ভিন্ন কোনো প্রকল্প তৈরি করে অন্যান্য প্লাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন না তারা।
