এবার স্যামসাংয়ের কাছে হারলো অ্যাপল
দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের করা 'কুইক লিঙ্ক' পেটেন্ট মামলা দীর্ঘদিন ধরে চলে আসছে। অবশেষে এই মামলার নিষ্পত্তি করে ২৬ ফেব্রুয়ারি চূড়ান্ত রায় ঘোষণা করে ওয়াশিংটন ডিসি আদালত। তবে এই রায়ে এবার জিততে পারেনি অ্যাপল।
২০১৪ সালের মে মাসে এই মামলায় অ্যাপলের পক্ষে রায় দেয় ক্যালিফর্নিয়ার এক ফেডারাল আদালত। আদালতের ওই রায়ে স্যামসাং কে ১১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। পরে স্যামসাং এই রায়ের বিপক্ষে আপিল করে। আগের ওই রায় অ্যাপলের পক্ষে গেলেও এবার ভিন্ন পথে গিয়ে দাঁড়িয়েছে। নতুন এই রায়ে জিতেছে স্যামসাং।
সর্বশেষ রায়ে উল্লেখ করা হয়, স্যামসাং 'কুইক লিঙ্ক' পেটেন্টসহ আইফোনের স্লাইড-টু-আনলক এবং অটো কারেক্ট পেটেন্ট লঙ্ঘনের জন্য দায়ী নয়। রায়ে আরও বলা হয়, অ্যাপলই বরং স্যামসাংয়ের একটি পেটেন্ট লঙ্ঘনের জন্য দায়ী।
রায়ের পর স্যামসাংয়ের এক মুখপাত্র বলেন, "আজকের এই সিদ্ধান্তে গ্রাহকের পছন্দের জয় হয়েছে এবং প্রতিযোগিতা আবারও বাজারে ফিরে এসেছে, আদালতকক্ষে নয়।"
নতুন এই রায়ে আপিল কোর্ট জানায়, নির্দিষ্ট ডেটা খুঁজে পেতে এবং সেটির সঙ্গে লিঙ্ক করতে স্যামসাং একই প্রযুক্তি ব্যবহার করেনি। এ বিষয়ে শিকাগোর পেটেন্টবিষয়ক আইনজীবী ব্যাডলি হালবার্ট বলেন “এটি একটি পরিষ্কার সংকেত যে, অ্যাপল অপরাজেয় নয়। এখানে এখন বিকল্প অপারেটিং সিস্টেম আছে। এক্ষেত্রে বিপণন আর মনস্তাত্ত্বিক দিক থেকে স্যামসাং-এর লাভ বিশাল।”
মোবাইল ডিভাইসে প্রযুক্তি পেটেন্ট নিয়ে বছরের পর বছর লড়াই করে আসছে অ্যাপল এবং স্যামসাং। এর বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপলকে জয়ী হতে দেখা গিয়েছে। গত বছরের ডিসেম্বরেই অন্য এক পেটেন্ট মামলায় অ্যাপলকে ৫৪ কোটি ৮২ লাখ মার্কিন ডলার জরিমানা দেয় স্যামসাং।
