২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিং শংকায় বাতিল নিসানের অ্যাপ

২০১০ সালে বাজারে আসে জাপানিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান-এর বৈদ্যুতিক গাড়ি 'লিফ'। সম্প্রতি হ্যাকিং এর আশংকায় নিরাপত্তার কারণে গাড়িটির একটি অ্যাপ বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 07:00 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

সফটওয়্যার ত্রুটির কারণে ওই অ্যাপটির মাধ্যমে গাড়িটি হ্যাক করা যেতে পারে। এর ফলে হ্যাকার গাড়ির ব্যাটারির চার্জ ফুরিয়ে ফেলতে পারে, এমনকি গাড়িটি সর্বশেষ কোথায় কোথায় গিয়েছে সেই তথ্যও জেনে নিতে পারে। আর সে কারণেই প্রতিষ্ঠানটি গাড়ির ওই অ্যাপটি বাতিল করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গাড়ির সফটওয়্যারের এই ত্রুটির বিষয়টি সম্পর্কে এক মাস আগেই নিসান-কে সতর্ক করে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। কিন্তু, তা জানার পর তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি তারা। সম্প্রতি ঝুঁকির বিষয়টি ব্লগের মাধ্যমে জানান ট্রয় হান্ট নামের এক ব্যাক্তি। অনলাইন ফোরামে বিষয়টির বিস্তারিত জানতে পেরেই এমন উদ্যোগ নিয়েছে জাপানি এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

নিসানের এমন উদ্যোগে সন্তুষ্ট হান্ট। এ বিষয়ে তিনি বিবিসিকে বলেন, “গাড়ি থেকে ওই সার্ভিসটি বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক। তারা সম্ভবত এটি পুরোপুরি সুরক্ষিত করার জন্য দ্রুত কিছু করতে পারবে না।” তিনি আরও জানান, অ্যাপটি বাতিল করার মাধ্যমে প্রতিষ্ঠানটি কিছু সময় পাবে আরও সুরক্ষিত উপায় বের করার জন্য, যাতে মালিক ছাড়া অন্য কেউ গাড়ির তথ্য পেতে না পারে।

নিজের ব্লগে হান্ট জানান, যে কেউই ওয়েব ব্রাউজারে কমান্ড প্রেরণের মাধ্যমে লিফ গাড়ির হিটিং এবং এসি সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে। গাড়িটিতে যেহেতু মালিককে শনাক্ত করার কোন উপায় নেই, সেহেতু গাড়ির পরিচিত নাম্বার (VIN) এর মাধ্যমে সেটি অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়াও হ্যাকার গাড়ির ভ্রমণের তথ্যও পেতে পারে। তবে সেক্ষেত্রে হ্যাকার শুধু গাড়ির ভ্রমণের তারিখ এবং দূরত্ব জানতে পারবে, ভ্রমণের স্থান জানতে পারবে না। এটি যেহেতু গাড়ির স্টিয়ারিং-কে নিয়ন্ত্রণ করে না তাই এতে চালকের জীবনের কোন ঝুঁকি নেই বলেও জানান তিনি।

এই হ্যাকিংয়ের কারণে নিসানের বৈদ্যুতিক ট্রাক ইএনভি২০০ ও আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়ে খোলাসা করে কিছু বলেনি এই প্রতিষ্ঠান। অ্যাপটি বাতিল করার পর প্রতিষ্ঠানটি জানায়, আর কোনো নিসান লিফ গাড়ি অথবা ইএনভি২০০ আক্রান্ত নয়। সারাবিশ্বে তাদের ২ লাখের বেশি লিফ এবং ইএনভি২০০ রয়েছে।

এই ত্রুটির জন্য গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি।