২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোবটদের বেকার করছে মার্সিডিজ

কর্মক্ষেত্রে মানুষের জায়গায় রোবটের ব্যবহারের যে রীতি চালু হচ্ছিল, তা বোধ হয় এবার একটু থমকে গেল। সম্প্রতি জার্মান অটোমোবাইল প্রতিষ্ঠান মার্সিডিজ জানিয়েছে, নির্মাণ ক্ষেত্রে এখন রোবটের জায়গায় মানুষ নিয়োগ দিচ্ছে তারা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্সিডিজ গাড়িতে নতুনত্ব এবং গ্রাহকদের চাহিদা অনুসারে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ও নতুনত্ব যোগ করার ক্ষেত্রে রোবট ব্যবহার বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কেননা অনেক সময়ই গাড়ির অনেক জটিল কাজ যেমন- কার্বন ফাইবার ট্রিম, কাপহোল্ডার গরম করা ইত্যাদি কাজগুলো রোবটের চেয়ে মানুষ বেশি নিখুঁতভাবে করে থাকে। আবার গাড়িতে কোনো নতুনত্ব যোগ করা হলে রোবট দিয়ে কাজ করার জন্য সেটিকে 'রিপ্রোগ্রাম' করার প্রয়োজন হয়, যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।

মার্সিডিজ-এর উৎপাদন প্রধান মার্কাস স্ক্যাফার বলেন, “বর্তমানে আমরা স্বাতন্ত্র্যএবং ভিন্নতা যে পর্যায়ে আছে, তার সঙ্গে রোবটেরা তাল মেলাতে পারছে না। তাই আমরা টাকা বাঁচানোর সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে বেশি মানবকর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিষ্ঠানটির প্রধান উৎপাদনকেন্দ্র সিন্ডেলফঙ্গেন স্বয়ংক্রিয় প্রক্রিয়ার উপর অনেক বেশি নির্ভরশীল। সেখানে প্রতিদিন প্রায় ১৫০০ টন স্টিল নিয়ে কাজ করা হয় এবং বছরে প্রায় চার লাখ গাড়ি বানানো হয়। এস-ক্লাস মেবাক সেডান এবং জিটি স্পোর্টস কারের বিলাসবহুল গাড়িগুলোও একশ’ এক বছর পুরনো এই কেন্দ্রেই তৈরি করা হয়।

কিন্তু বর্তমানে গ্রাহকদের নিত্য-নতুন স্বতন্ত্র চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন গাড়ি বানানোর ক্ষেত্রে রোবটের ব্যবহার নিয়ে প্রতিষ্ঠানটিকে নতুন করে ভাবতে হচ্ছে। কেননা রোবটেরা একই কাজ বার বার করতে পারলেও, নতুন কাজের ক্ষেত্রে নতুন প্রক্রিয়া গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হয়। স্ক্যাফার বলেছেন, “যন্ত্রের জন্য কাজগুলোর ভিন্নতা অনেক বেশি হয়ে গিয়েছে। বিভিন্ন বিকল্প ও নতুনত্বের সাথে তাল মিলিয়ে কাজ করা যন্ত্রের পক্ষে সম্ভব নয়।”

আগে রোবটদের নতুনভাবে প্রোগ্রাম করতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত। ততদিন উৎপাদন কাজ বন্ধ রাখতে হত। কিন্তু এখন মানবকর্মীদের ক্ষেত্রে এটি এক সপ্তাহেই করা সম্ভব হচ্ছে, যা বেশি লাভজনক।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবটিক্স (আইএফআর) জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে রোবটের ব্যবহার ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিল্পক্ষেত্রে রোবট ব্যবহারে দক্ষিণ কোরিয়া বিশ্বে প্রথম, জাপান দ্বিতীয় এবং জার্মানি তৃতীয় অবস্থানে আছে। এক্ষেত্রে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে চীনের বাজার।