২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফ্যাবলেট আনছে এইচপি

স্মার্টফোনের প্রতিযোগিতায় মাইক্রোসফট লুমিয়ার পথ 'অনুসরণ করছে' মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। চলতি বছরের ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬-তে বড় পর্দার ফ্যাবলেট ফোন এলিট এক্স৩ উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:48 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালিত ৫.৯ ইঞ্চি পর্দার এই স্মার্টফোনটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে এর ল্যাপটপ ফিচার। নতুন এই ফ্যাবলেটে ডকের মাধ্যমে মনিটর, মাউস এবং কিবোর্ড সংযুক্ত করে খুব সহজেই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মতোই ব্যবহার করা যাবে। এর আগে মাইক্রোসফট লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল এ একই ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ব্যবসা বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।  

মাইক্রোসফটের 'কন্টিনাম' সফটওয়্যারের মাধ্যমে আর ব্যবহারের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারফেইস পরিবর্তন করে নেবে এলিট এক্স৩। অর্থাৎ ফ্যাবলেটের ক্ষেত্রে ফোনের ইন্টারফেইস এবং ল্যাপটপের ক্ষেত্রে কম্পিউটারের ইন্টারফেইস দেবে।

এখন প্রশ্ন উঠতেই পারে, এইচপি হঠাৎ কেন স্মার্টফোনের ব্যবসাতে আসতে চাচ্ছে? এবিষয়ে প্রতিষ্ঠানটির পার্সোনাল সিস্টেম প্রেসিডেন্ট রন কাউলিন জানান, এক বছর আগেও এলিট এক্স৩-এর মতো ডিভাইস তৈরি করা সম্ভব ছিল না। এধরনের ডিভাইসের মধ্যে ভবিষ্যৎ দেখতে পান বলেও জানিয়েছেন তিনি।

ফোন হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ২৫৬০x১৪৪০ রেজুলিউশনের ৫.৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ইউএসবি টাইপ সি পোর্টের পাশাপাশি রয়েছে ডুয়াল সিম। ফোনটির সামনে ব্যাং অ্যান্ড ওলুফসেন সাউন্ড সিস্টেমের ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে। এছাড়াও সামনে ৮ মেগাপিক্সেল এবং পেছনে ১২ মেগামিক্সেল ক্যমেরা আছে এতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ কোয়াড কোর প্রসেসর সঙ্গে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি ব্যবহার করা হয়েছে। চাইলেই মাইক্রো এসডি কার্ডস্লটের মাধ্যমে ফোনের স্টোরেজ ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আর ফ্যবলেটটিকে ল্যাপটপের রূপ দিতে এইচপি মোবাইল এক্সটেন্ডার ডিভাইস এনেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ১২.৫ ইঞ্চি ১০৮০পি রেজুলিউশান ডিসপ্লে। সেই সঙ্গে এই ডেস্ক ডকের বিল্ট-ইন ব্যাটারি ফ্যাবলেটটির ব্যাটারি লাইফ ২০ শতাংশ বৃদ্ধি করবে বলে দাবি করছে এইচপি।

নতুন এই ফ্যাবলেটটির মূল্য কত হবে আর ডেস্ক ডকটি আলাদাভাবে বিক্রি করা হবে কিনা সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি। তবে চলতি বছরের গ্রীষ্মেই ফোনটি বাজারে আসবে বলে জানানো হয়।