২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গার্লস ইন টেক’-এ বালক বিজয়ী

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিতের দিকে কিশোরীদের আকর্ষণ আনার লক্ষ্যে ‘গার্লস ইন টেক’ নামের এক প্রতিযোগিতা আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক শক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিএফ এনার্জি। নামে প্রযুক্তি ক্ষেত্রে কিশোরীদের কথা বলা হলেও, প্রতিযোগিতাটিতে জয়ী হয়েছে ১৩ বছরের এক কিশোর। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

প্রতিযোগিতাটিতে বাসায় শোবার ঘরের পণ্যগুলো সংযুক্ত করার জন্য নতুন কোনো ধারণা বের করতে বলা হয়েছিল।

প্রতিযোগিতাটি ১১ থেকে ১৬ বছর বয়সী সব কিশোর-কিশোরীর জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও, এখনও কিশোরীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আকৃষ্ট করাই প্রোগ্রামটির মূল লক্ষ্য বলে দাবি আয়োজকদের।

২০১৫ সালে যুক্তরাজ্যে মেয়েদের জন্য এই প্রতিযোগিতার তিনটি ইভেন্ট আয়োজিত হয়। তবে, পরে প্রতিযোগিতার পরিসর বাড়িয়ে তা অনলাইনেও নিয়ে আসা হয়, সেই সঙ্গে ছেলেদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয় এটি।

লিঙ্গভিত্তিক কোনো পক্ষপাতিত্ব যাতে না হয় সেদিকে খেয়াল রেখেই প্রতিযোগিতাটি উন্মুক্ত করে দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। আর এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা শতাধিক অংশগ্রহণকারীকে আকর্ষণ করতে পেরেছে।

কন্ট্রোলার দিয়ে ভিডিও গেইম খেলার সময় গেইমাররা যে বুড়ো আঙ্গুল দিয়ে 'থাম্ব স্টিক' নাড়েন, তা থেকে গতিশক্তি উৎপাদনের ধারণা দিয়ে জয়ী হয় ওই বালক।  রানার্স-আপ জয়ী  ধারণাগুলো ছিল- স্মার্ট পর্দা, স্মার্ট ফ্রিজ আর স্লিপ মনিটর, আর এই তিন গবেষকই ছিলেন মেয়ে।

ইডিএফ-এর একজন ইলেকট্রিক মেইনটেনান্স টেকনিশিয়ান এমি এডমান্ডসন বলেন, “নতুন ধারণাগুলো পেয়ে আমরা সত্যিই অভিভূত। অনেক কমবয়সীর এসটিইএম (সায়েন্স, টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস)-এর সঙ্গে যুক্ত হতে দেখে ও এ ধরনের উদ্যোগ দেখে আমরা সত্যিই আনন্দিত। আমরা আশা করছি তারা তাদের স্কুলও এই বিষয়গুলোতে আগ্রহী হবে এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রের জন্য এসটিইএম খাতকেই বেছে নেবে।”

বিজয়ীকে অভিনন্দন জানানোর পর কম্পিউটার বিজ্ঞানী ড. সু ব্ল্যাক বলেন, “এই ফলাফল কিশোরীদের দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তন করে তা বুঝতে আমার কিছুটা সময় লাগবে।”

এসটিইএম খাতে নারীদের বার্ষিক সম্মেলন 'অ্যাডা লাভলেস ডে'-এর প্রতিষ্ঠাতা সু চারম্যান-অ্যান্ডারসন বলেন, “এই বিষয়গুলোর প্রতি মেয়েদের আগ্রহী করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য কিন্তু অনেকেই একে নারীদের অবমাননা করা হয়েছে বলে মনে করছেন। কিন্তু আসলে মেয়েদের চেহারার চেয়ে বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেওয়াই ছিল এর মূল লক্ষ্য।”