শার্প যাচ্ছে ফক্সকনের পকেটে
জাপানিজ ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শার্প এর মালিকানা কিনতে যাচ্ছে তাইওয়ানিজ ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। নতুন এক চুক্তিতে দুই তৃতীয়াংশ মালিকানা পাবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের কাছে সবচেয়ে বড় যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন।
এর মাধ্যমে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চুক্তি সম্পন্ন হলে এটিই হবে বাইরের কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় জাপানিজ প্রতিষ্ঠান ক্রয়।
এ বিষয়ে শার্প জানিয়েছে, এই চুক্তিতে ফক্সকনকে ৪৪০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার দেবে প্রতিষ্ঠানটি। আর এই ঘটনার সঙ্গে জড়িত একসূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে ফক্সকনের সর্বমোট বিনিয়োগের পরিমাণ হবে ৫শ ৮০ কোটি ডলার।
নতুন এই চুক্তির মাধ্যমে জাপানের ইন্সুলার প্রযুক্তিতে বিদেশি বিনিয়োগকারীদের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে বলে উল্লেখ করেছে রয়টার্স। এর ফলে, শার্প ২০১৮ সালের মধ্যে বিশাল পরিসরে ওএলইডি (OLED) স্ক্রিন বানানোর কাজ শুরু করতে পারবে। এর মধ্যে অ্যাপল আইফোনের জন্য পরবর্তী প্রজন্মের স্ক্রিন ব্যবহার শুরু করবে বলে আশা করা হচ্ছে।
পাঁচ বছর ধরে এ নিয়ে আদালত প্রক্রিয়া সম্পন্ন করে ২৫ ফেব্রুয়ারি এই সিদ্ধান্তের কথা জানান ফক্সকন প্রতিষ্ঠাতা টেরি গোউ। তার মতে, শার্পের মালিকানা কেনার মাধ্যমেই স্যামসাংয়ের মতো এশীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব। এ ব্যাপারে হংকং-এর 'প্যারি ইন্টারন্যাশনাল ট্রেডিং'-এর ব্যবস্থাপনা পরিচালক গ্যাভিন প্যারি বলেন, "অ্যাপলে সরবরাহকারী হিসেবে স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতা করার মতো প্রযুক্তি শার্পের রয়েছে, তার মানে ফক্সকনের ছত্রছায়ায় শার্প এখন অ্যাপল থেকে স্যামসাং কে সরাতে সহায়তা করবে।"
আগে ভালোমানের টেলিভিশন এবং অ্যাপলের জন্য ডিসপ্লে সরবরাহ করে বেশ ভালোই ব্যবসা করে আসছিল শার্প। কিন্তু শেষ কয়েক বছর যাবত উন্নত এলসিডি প্ল্যান্টে ব্যাপকহারে বিনিয়োগ করে এশিয়ান প্রতিদ্বন্দ্বীদের কাছে টিকতে পারছে না এই প্রতিষ্ঠান। তাই ফক্সকনের সঙ্গে এই চুক্তিতে নতুন করে প্রতিযোগিতায় নামার প্রয়াস করছে এই প্রতিষ্ঠানটি।
