২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে নমনীয় জাকারবার্গ

ফেব্রুয়ারির ২৫ তারিখ জার্মানির বার্লিন সফরে গিয়েছিলেন মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্রতিষ্ঠান ফেইসবুক ইনকর্পোরেটেড-এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যে ফেইসবুক বিভিন্ন দেশের সরকারের আপত্তির বিষয়ে কখনও কখনও অনমনীয় আচরণ করে এসেছে সেই প্রতিষ্ঠান প্রধান জার্মান রাজধানীতে ভিন্ন চেহারা দেখালেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

এবারের বার্লিন সফরে একই সঙ্গে পুরস্কার গ্রহণ এবং ‘নিও-নাৎসি’ সহানুভূতিশীলদের ‘অ্যান্টি-ইমিগ্রান্ট’ পোস্ট বিষয়ে দেশটির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল-এর কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন জাকারবার্গ।

হেইট স্পিচ ও ডেটা নিরাপত্তায় নিজেদের ধীর পদক্ষেপ নিয়ে জার্মানিতে বেশ অনেকদিন ধরেই বিতর্কিত একটি প্লাটফর্ম হিসেবে পরিচিতি পাচ্ছিল ফেইসবুক। এবারের সফরে সেই পরিচিতির ইতি টেনেছেন জাকারবার্গ। এজন্য এঙ্গেলা মের্কেল-এর কর্মকর্তা ও উপদেষ্টা পিটার আল্টেমির-এর সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনায় বসেন তিনি।

আলোচনা শেষে আল্টেমির এক টুইট বার্তায় জাকারবার্গের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, “বিশ্বকে পরিবর্তন করেছেন এমন একজন মানুষের সঙ্গে খুবই ফলপ্রসু আলোচনা হল।” পরে সাংবাদিকদেরকে আল্টেমির জানিয়েছেন, জাকারবার্গ ওই অবৈধ কনটেন্টগুলো ইন্টারনেট থেকে সড়িয়ে নেওয়ার গুরুত্বটি বুঝতে পেরেছেন।

অন্যদিকে প্রকাশক অ্যাক্সেল স্প্রিঙ্গার-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণের পর ৩১ বছর বয়সী জাকারবার্গ বিতর্কিত প্রশ্নগুলো এড়িয়ে ফেইসবুক নিয়ে তার কী লক্ষ্য রয়েছে, তা জানিয়েছেন।

প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী, বুলিয়িং, হয়রানি, হুমকিমূলক ভাষা ফেইসবুক প্লাটফর্মে নিষিদ্ধ, কিন্তু সমালোচকদের দাবি, প্রতিষ্ঠানটি এ বিষয়গুলো তেমন একটা খেয়াল করে না। তবে জার্মানিতে যাতে এখন থেকে বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়টি ফেইসবুক নিশ্চিত করেছে বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।