২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরদের যৌন আগ্রহ বাড়ায় র‍্যাপ

যেসব কিশোর আর তরূণ র‍্যাপ সঙ্গীত শুনতে অভ্যস্ত, তারা র‍্যাপ সঙ্গীত পছন্দ করেন না এমন কিশোর আর তরূণদের চেয়ে কম বয়সে 'প্রথম শারীরিক সম্পর্ক' তৈরিতে আগ্রহী হয়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস-এ করা এক গবেষণায় এমনটাই জানা গেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 08:51 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

ওই গবেষণার ভাষ্যমতে, আধুনিক সঙ্গীতগুলো এখন অশ্রাব্য কথায় ভরা। আর এগুলো শুনলে তা কিশোরদের চিন্তায় প্রভাব ফেলে ও তারা আশপাশের সবাইকেও একই রকম ভাবতে শুরু করে।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, ৪৪৩ জনের উপর চালানো ওই গবেষণায় দেখা যায়, ১২-১৩ বছর বয়স্ক যেসব কিশোর প্রতিদিন অন্তত তিন ঘন্টা র‌্যাপ সঙ্গীত শোনে, মাত্র দুই বছরের মাথায় তারা প্রথমবারের মতো যৌন সম্পর্কে জড়িয়ে থাকে। আর এর হার অন্যান্যদের তুলনায় ২.৬ গুণ বেশি।

ইউনিভার্সিটি অফ টেক্সাস-এর গণস্বাস্থ্য বিষয়ক গবেষক ড. কিম্বারলি জনসন বেকার বলেন, "বন্ধুরা কী করছে তা নিয়ে আপনার যে বিশ্বাস, এতে র‍্যাপসঙ্গীত প্রভাব ফেলে থাকে। এটি একটি প্রথাগত এজেন্ট, যা আপনাকে বলবে, এই নির্দিষ্ট বিষয়গুলো ঠিক আছে, যেমন- মদ পান, যৌন সম্পর্ক করা। এ থেকে আপনি ভাববেন, সবাই এটা করছে। আর আপনি যতই এটা শুনবেন, ততই এই পথেই চিন্তা করবেন।"

'জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথ' -এ প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে তিনি বলেন, "র‍্যাপসঙ্গীত শোনা, জাতিগত সংখ্যালঘু কিশোরদের ঝুঁকিপূর্ণ যৌন ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত।"

এসব গানে কারও সঙ্গে যৌন মেলামেশা, ক্লাবে শ্যাম্পেইন বিস্ফোরণের মতো বিষয়গুলো প্রচারের ফলে, কিশোররা মনে করে ঘরে বসে কবিতা না লিখে তাদেরও কারও সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো উচিত। 

অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ দিতে গিয়ে ড. বেকার জানান, মা-বাবারা তাদের সন্তানদের সঙ্গে র‍্যাপসংগীতগুলোর বিষয়বস্তু নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে পারেন।