২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার আক্রমণে পাওয়ার গ্রিড বিপর্যয়

২০১৫ সালের ডিসেম্বর মাসে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যে বিদ্যুত বিপর্যয় হয়েছিল, সেটির মূল কারণ সাইবার আক্রমণ— ১৮ ফেব্রুয়ারি এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 08:45 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

এটি জানানোর মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরকারের তরফ থেকে স্বীকার করে নেওয়া হল ওই ব্ল্যাকআউট হ্যাকিংয়ের কারণে হয়েছিল। ব্ল্যাকআউটটির ভোগান্তির শিকার হয়েছিলেন প্রায় সোয়া দুই লাখ অধিবাসী।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ডিএইচএস এটি জানানোর আগেই অবশ্য সাইবার বিশেষজ্ঞরা ধারণা করছিলেন, ডিসেম্বরের ২৩ তারিখের ওই ব্ল্যাকআউট সাইবার আক্রমণের কারণে হয়েছিল। এখন পর্যন্ত এটিই প্রথম সাইবার আক্রমণ যেখানে সাইবার অপরাধীরা পাওয়ার গ্রিড অফলাইনে নিয়ে যেতে পেরেছে।

ডিএইচএস-এর তরফ থেকে কারণ হিসেবে সাইবার আক্রমণ জানানো হলেও ঠিক কারা ওই আক্রমণটি করেছিল, সে প্রসঙ্গে কিছু জানানো হয়নি। অন্যদিকে মার্কিন সাইবার ইন্টিলিজেন্স প্রতিষ্ঠান আইসাইট ও অন্যান্য নিরাপত্তা বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছে, ‘স্যান্ডওয়ার্ম’ নামে পরিচিত রাশিয়ান এক হ্যাকার গোষ্ঠী ওই আক্রমণটি চালিয়েছিল।

এদিকে ডিএইচএস জানিয়েছে, তাদের এই পর্যালোচনাটির মূল ভিত্তি হচ্ছে ছয় ইউক্রেনিয়ান প্রতিষ্ঠানের দেওয়া সাক্ষাৎকার, প্রতিষ্ঠানগুলো ব্ল্যাকআউটের কারণে আক্রান্ত হয়েছিল। তবে তারা জানিয়েছে, তাদের তদন্তকারীরা স্বাধীনভাবে কারিগরি প্রমাণ পর্যালোচনা করতে পারেনি।

ডিএইচএস-এ ভাষ্যে, আক্রমণের সময় হ্যাকাররা দূর থেকে ব্রেকার চালু করে দেয় যা পরে ম্যালওয়্যার ইনস্টল করে ব্ল্যাকআউট সৃষ্টি করেছিল। এ ছাড়াও ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান এসএএনএস ইনকর্পোরেটেড জানুয়ারি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার অপরাধীরা দেশটির গ্রাহক সেবা কেন্দ্রেও ফোন কলের মাধ্যমে স্প্যাম করেছিল, যাতে আসল গ্রাহকরা এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করতে পারেন।