২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালফাবেটের নতুন ‘মানব-রোবট’

একটি রোবট দরজা খুলতে পারে, তুষারের উপর দিয়ে হাঁটার সময় ভারসাম্য রক্ষা করতে পারে, তাক-এ রাখতে পারে নানান জিনিস আর পড়ে গেলে নিজে নিজেই উঠতে পারে। বলা হচ্ছে ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর মালিকানাধীন বোস্টন ডায়নামিক্স-এর বানানো ‘অ্যাটলাস’ নামের রোবটের কথা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 12:59 AM

Updated : 20 Aug 2022, 11:58 AM

এই রোবটের নতুন একটি সংস্করণ বের করেছেন নির্মাতারা। আগেরটির চেয়ে এটি আরও ছোট আর চটপটে। ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা এই রোবটের ভর ১৮০ পাউন্ড বা ৮১ কেজি।

মানুষের জন্য নিরাপদ নয়, এমন জায়গায় দুর্যোগ পরবর্তীকালীন ব্যবস্থা নিতে এই রোবট বানানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

২০১৩ সালে মার্কিন সরকারের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)-এর আয়োজিত একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে অ্যাটলাস। আর এর পেছনে আছে সারা বিশ্বের সাতটি কম্পিউটার গবেষণা দল, যারা এর মস্তিষ্ক উন্নত করতে কাজ করতেন।

শরীর আর পায়ে লাগানো সেন্সর দিয়ে ভারসাম্য রক্ষা করে এটি, এর মাথায় থাকা লেজার রশ্মিগুলো ব্যবহার করে এটি কোনো বাধাঁ অতিক্রম বা কোনো বস্তু সরাতে পারে। ‘হাইড্রোলিক্যালি-অপারেটেড জয়েন্ট’ ব্যবহারের কারণে অ্যাটলস আশপাশের সবকিছু স্ক্যান করতে পারে, এমনকি জটিল পরিবেশে হাঁটা, সিড়ি বেয়ে ওঠার মতো কাজ করতেও সক্ষম এটি।  

ইউটিউবে দেখানো এক ভিডিওতে দেখা যায়, নির্মাতা প্রতিষ্ঠানের এক কর্মী একটি হকি স্টিক দিয়ে অ্যাটলাসের কাছ থেকে একটি বক্স সরিয়ে দিচ্ছেন। অ্যাটলাস সঙ্গে সঙ্গে এটি কুড়িয়ে নিয়ে আসে। সেই সঙ্গে একে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে, এটি নিজেই নিজেই আবার চটজলদি উঠে পড়ে।