২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৫ ইমোজি ফেইসবুকে

ফেইসবুকে সবসময় বন্ধুর কোনো পোস্ট, স্ট্যাটাস কিংবা ছবিতে কেবল মাত্র ‘লাইক’ দিয়েই সম্পূর্ণভাবে অনুভূতি প্রকাশ করা সম্ভব হয় না। এই সমস্যা সমাধানে নতুন এক ফিচার নিয়ে এসেছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:44 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

এখন থেকে ফেইসবুকে পাওয়া যাবে- 'শক', 'এংগ্রি', 'স্যাড', 'অ্যামিউজড' এবং 'ইন লাভ' সহ আরও পাঁচটি ইমোজি।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের অনুভূতি প্রকাশকে আরও সহজ করতে ফেইসবুকে লাইক ছাড়াও আরও পাঁচটি ইমোজি চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ইমোজি বাটনগুলো প্রথম ২০১৫ সালের অক্টোবর মাসে স্পেন এবং আয়ারল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। এর প্রতিক্রিয়া সন্তোষজনক হওয়ায় আজ থেকে সবার জন্য এটি চালু করা হচ্ছে।

নতুন এই ইমোজি বাটনগুলো যে কোনো পোস্টের ঠিক নিচেই থাকবে। সেখান থেকে ব্যবহারকারীরা পছন্দমত ইমোজি ব্যবহার করতে পারবেন। তবে, নতুন এই ইমোজি আসার মানে এই নয় যে ‘লাইক’ বাটনকে বিদায় জানানো হচ্ছে। ব্যবহারকারীরা যে কোনো পোস্টে ‘লাইক’ও দিতে পারবেন।

ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, “কেবল ‘লাইক’ বাটন থাকার কারণে ফেইসবুকে কোন দুঃখের কনটেন্ট বা বিরক্তিকর পোস্ট শেয়ার করা হলে ব্যবহারকারীরা তাদের অনুভূতি প্রকাশ করতে পারেন না।” তিনি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা ‘লাইক’ পাওয়ার মতো শুধু আনন্দঘন মুহূর্তগুলোই নয়, তাদের জীবনের অর্থপূর্ণ সকল মুহূর্তই শেয়ার করুন।”

নতুন পাঁচটি ইমোজি চালু করার পরও অনেক ব্যবহারকারীই ‘ডিজলাইক’ বাটন চালু করা হয়নি বলে মার্ক জাকারবার্গের উপর বেশ অসন্তোষ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে মার্ক মনে করেন ‘ডিজলাইক’ বাটনটি ফেইসবুকে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেছেন, “আমরা ডিজলাইক বাটনটি চালু করিনি কারণ আমরা চাইনা ফেইসবুক বিভিন্ন পোস্টের ভালো-মন্দ বিচার করার একটা মাধ্যমে পরিণত হোক।”