২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অনলাইনে কেনাকাটা নিরাপদ: শামীম

বাংলাদেশের 'ভালো ই-কমার্স সাইট' থেকে অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কেনাকাটা করা হলে সকল ট্রানজেকশন ব্যাংকের গেটওয়ের মাধ্যমে পরিচালিত হয়। এক্ষেত্রে ঐ ই-কমার্স সাইটের কাছে কার্ডের কোনো তথ্য সংরক্ষিত থাকে না। এ ছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম রয়েছে। তাই বেসিস সদস্যভুক্ত ভালোমানের ই-কমার্স সাইট থেকে কেনাকাটা ‘খুবই নিরাপদ’ বলে দাবী করেছেন বেসিস সভাপতি শামীম আহসান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:37 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বেসিস সরকারের সঙ্গে যৌথভাবে দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালু, ভ্যাট প্রত্যাহার, কর্পোরেট ট্যাক্স মওকুফসহ বিভিন্ন ধরনের নীতিমালা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।  

বৃহস্পতিবার ইভেন্ট প্রমোশন ও টিকেটিং প্ল্যাটফর্ম হ্যালোইভেন্টজ ডটকম ও ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জুম মাল্টিমিডিয়া আয়োজিত ‘ডট কম ফেস্ট’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, হ্যালোইভেন্টজ ডটকম প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান এবং অন্তর শোবিজের পরিচালক তানভিন রাফিক।

অনুষ্ঠানে আশিকুর জানান, ডট কম ফেস্ট-এর মতো উদ্যোগের কারণ হচ্ছে ই-কমার্স ব্যবসায়কে তরুদের মধ্যে ছড়িয়ে দেয়া।

তিনদিনব্যাপি এই মেলা ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এতে প্রদর্শনীর পাশাপাশি ই-কমার্স খাতের সচেতনতা, প্রচারণা, বিজনেস মডেল, লজিস্টিকসহ বিভিন্ন বিষয়ে তিনটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে।