২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এনক্রিপশন’-কে কিনল ব্ল্যাকবেরি

যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠান ‘এনক্রিপশন’ কিনেছে কানাডিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। শুক্রবার প্রতিষ্ঠান দুটির মধ্যে ক্রয়-বিক্রয়বিষয়ক সব চুক্তি সম্পন্ন হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 09:19 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

নতুন প্রতিষ্ঠান কেনা প্রসঙ্গে ২৪ ফেব্রুয়ারি নিশ্চিত করেছে ক্রেতা প্রতিষ্ঠানটি। তবে এই নতুন প্রতিষ্ঠান কিনতে কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়ে মুখ খোলেনি কোনো প্রতিষ্ঠানই।

এনক্রিপশন প্রতিষ্ঠানটি কেনার ফলে, প্রতিষ্ঠানটিতে কর্মরত থাকা ৪০ জন পেশাদার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এখন থেকে ব্ল্যাকবেরির অধীনে কাজ করবেন। এই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতোপূর্বে সরকারি ও বেসিরকারি সংস্থার নেটওয়ার্ক দুর্বলতা পরীক্ষা করতে সহযোগিতা করেছেন।

নতুন প্রতিষ্ঠান কেনা প্রসঙ্গে ব্ল্যাকবেরির কর্পোরেট ডেভেলপমেন্ট প্রধান জানিয়েছেন, “আমরা বর্তমানে যা করি এটি সেটিরই একটি বর্ধিত রূপ মাত্র।  নতুন এ প্রতিষ্ঠানটি কেনা প্রসঙ্গে আমরা বেশ আনন্দিত এবং আমাদের ধারণা এটি যথেষ্ট  পরিপূরক এবং আমাদের নিরাপত্তা পোর্টফোলিও-এর জন্য সুন্দর একটি সংযোজন।”

এই প্রতিষ্ঠানটি কেনার ফলে ব্ল্যাকবেরি এখন নিজেদের কিছু নিরাপত্তা পণ্যও ‘ক্রস-চেক’ করতে পারবে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

ব্ল্যাকবেরি জানিয়েছে, নতুন প্রতিষ্ঠানের বদৌলতে তারা বিদ্যমান নিরাপত্তার সঙ্গে নতুন পরামর্শক সেবা এবং টুলস যোগ করতে পারবে। যা তাদের গ্রাহকদের নতুন সাইবার নিরাপত্তা হুমকি চিহ্নিত করতে সহযোগিতা করবে এবং সম্ভাব্য সাইবার আক্রমণ ঠেকানোর জন্য প্রয়োজনীয় আইটি নিরাপত্তা স্ট্যান্ডার্ড প্রয়োগ করতে পারবে তারা।