২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আত্ম-বিধ্বংসী বুলেট’ পেটেন্ট মার্কিন সেনাবাহিনীর

‘আত্ম-বিধ্বংসী বুলেট’ পেটেন্ট করিয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। বিশেষ এই বুলেট ব্যবহারে নিরীহদের মৃত্যু বা আহত হওয়ার আশংকা অনেকটাই কমে আসবে বলে দাবী করা হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী একটি 'লিমিটেড রেইঞ্জ প্রজেক্টাইল' তৈরি করেছে। এতে করে কোনো বুলেট ‘ফায়ার’ করার পর তা আগ্নেয়াস্ত্র থেকে কিছুক্ষণ সময় পর বের হবে, আর এতে করে বাধাপ্রাপ্ত হবে বুলেটটির গতি।

এ ছাড়াও, এই প্রক্রিয়ায় বুলেটের অতিক্রান্ত দূরত্বও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, ফলে কোনোটি লক্ষ্যভ্রষ্ট হলেও তা অনুশীলন ক্ষেত্র থেকে একটু দূরে দাঁড়ানো নিরীহ দর্শকদের গায়ে আঘাত করবে না। 

বর্তমানে শুধু পয়েন্ট ৫০ ক্যালিবার অস্ত্রে ব্যবহার করা হবে এই প্রযুক্তি। তবে, সামনে ছোট আগ্নেয়াস্ত্রেও এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা থাকায় পেটেন্ট করার সময় পুরো বিষয়টিকে মাথায় রেখেই নিবন্ধন করা হয়েছে।

এ বিষয়ে গবেষক স্টিফেন ম্যাকফারলেইন বলেন, "সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে, এতে অনাকাঙ্ক্ষিত ক্ষতির ঝুঁকি কমবে। বর্তমান সময়ে একটি পয়েন্ট ৫০ ক্যালিবার দূর পর্যন্ত ছোটার কারণে অন্যদের বেশ বাজেভাবে আহত বা নিহত হওয়ার আশঙ্কা থাকে।

আবার এক্ষেত্রে একদমই যে ঝুঁকি নেই, তা নয়। এ প্রসঙ্গে উদ্ভাবক ক্রিশ্চিয়ান এলিস বলেছেন, “মৃত্যুর আশঙ্কা রয়েছে, কিন্তু ওই মৃত্যু আশঙ্কার হার যথেষ্ট পরিমাণে কমে আসবে।”