২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইডু নির্মিত অ্যাপে এনক্রিপশন ত্রুটি

সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, চীনা ইন্টারনেট জায়ান্ট বাইডু-এর তৈরি হাজারো অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে থাকে এবং তথ্যগুলো পরবর্তীতে প্রতিষ্ঠানটির কাছে ফেরত পাঠায়। ইতোমধ্যেই বাউডুর তৈরি ওই অ্যাপগুলো অসংখ্যবার ডাউনলোড করা হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বাউডু-এর এই অ্যাপবিষয়ক গবেষণাটি সম্পন্ন করেছেন কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের গবেষকরা। তারা জানিয়েছেন, সমস্যাটি মূলত বাইডু নির্মিত অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট-এ। আর ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ব্যবহার করেই তৈরি করা হয়েছে বাউডু-এর মোবাইল ব্রাউজার ও বিভিন্ন অ্যাপ। তাই সেগুলোতেও এ সমস্যা বিদ্যমান।

একই গবেষকরা ২০১৫ সালে অপর এক চীনা প্রতিষ্ঠান আলিবাবা নির্মিত ইউসি ব্রাউজারেও প্রায় একই ধরনের সমস্যা খুঁজে পেয়েছিলেন। সে সময় আলিবাবাকে বিষয়টি জানানোর পর, নিজ ব্রাউজারের ওই ত্রুটিগুলো ঠিক করে নিয়েছিল প্রতিষ্ঠানটি।

আলিবাবার মতো বাইডু-ও জানিয়েছে, তারা নিজেদের কিটের ওই এনক্রিপশন সমস্যাগুলো ঠিক করবে, কিন্তু ডেটা সংগ্রহ করা বন্ধ করবে না। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উদ্দেশ্যে ডেটা সংগ্রহ করবে এবং তা তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করবে।

বাইডু-এর ওই অ্যাপগুলো একজন ব্যবহারকারীর ভৌগলিক অবস্থান, সার্চ এবং ওয়েবসাইট ভিজিটসংক্রান্ত ‘আনএনক্রিপ্টেড’ সব ডেটা সংগ্রহ করে বলেই জানিয়েছে সিটিজেন ল্যাবের প্রধান গবেষক জেফরি নকেল। 

অন্যদিকে বাইডু সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট-এর এই ত্রুটি প্রসঙ্গে সিটিজেন ল্যাব-এর পরিচালক রন ডেইবার্ট বলেছেন, “হয় এটি ডিজাইনগত ত্রুটি, আর নয়তো এটি নজরদারির জন্যই ডিজাইন করা হয়েছে।” সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ডেটাবিষয়ক আগ্রহ শুধু বাণিজ্যিক বলে জানালেও, সেগুলোতে ঠিক কারা প্রবেশাধিকার পান, সে বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।