২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভেলপার ও প্রোগ্রামারদের জন্য ‘ভার্চুয়াল কার্ড’

অ্যাপ ডেভেলপার ও প্রোগ্রামাররা যাতে নির্বিঘ্নে ‘আইটি ফি’ দিতে পারেন, সে লক্ষ্যে ভার্চুয়াল কার্ড চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বেসিস ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন,  “বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) অনলাইন বাজারে ছাড়ার জন্য বিশ্বখ্যাত অ্যাপ স্টোরগুলোতে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিবন্ধিত হতে হয়। এ ছাড়া অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কোর্স বা ডোমেইন কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের প্রয়োজন হয়। এ অর্থ দেওয়ার সহজ কোনো সুবিধা না থাকায় বাংলাদেশের ব্যক্তিপর্যায়ের অ্যাপ নির্মাতা বা প্রোগ্রামারদের অনেকেই নানা সমস্যার মধ্যে ছিলেন।

শামীম আশা প্রকাশ করেন করি এই কার্ডের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে ‘অনলাইন লেনদেনে যে ভোগান্তি ছিলো তা দূর হয়ে যাবে’।

বছরখানেক আগে বৈদেশিক মুদ্রা (এফই) বিজ্ঞপ্তি নং ২৩-এ ভার্চুয়াল কার্ড চালুর জন্য বিভিন্ন ব্যাংককে অনুমোদন দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড দেশব্যাপি সব শাখায় এ সেবা চালু করেছে।

নির্দেশনা অনুযায়ী, এই কার্ড গ্রহণের জন্য আবেদনকারীকে প্রোগ্রামার, ডেভেলপার বা ফ্রিল্যান্সার হিসেবে প্রমাণ দেখাতে বেসিস থেকে অনুমোদন পেতে হবে।

এর আগে বেসিসের সদস্য কোম্পানিরা এ ধরণের সুবিধা পেলেও এখন থেকে ব্যক্তি পর্যায়ে দেশের যেকোনো জায়গা থেকে ভার্চুয়াল কার্ড গ্রহণ করা যাবে।

কার্ডটি ব্যবহার করে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে (উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস ইত্যাদি) গেইমস, সফটওয়্যার লাইসেন্স, মোবাইল গেইমস বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষার ফি, যেকোনো ডোমেইন নিবন্ধন, হোস্টিং, ক্লাউড সেবা, হ্যাকাথন ইত্যাদি ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৩০০ ডলার অর্থ পরিশোধ করতে পারবেন অ্যাপ ডেভেলপার ও প্রোগ্রামাররা।