২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জি৫’ -এর সাহায্যে বিক্রি বাড়াতে আগ্রহী এলজি

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ২০১৬'-তে 'জি৫' স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। দক্ষিণ কোরিয়ান এই প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের প্রধান জানিয়েছেন, নতুন এই স্মার্টফোনের বিক্রি বাড়াতে বাজার খরচ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

জি৫-এর মাধ্যমে এলজি নিজেদের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের কাতারে আসার চেষ্টা করছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। স্মার্টফোনটিতে ব্যবহারকারীরা বিভিন্ন বাড়তি যন্ত্রাংশ যুক্ত করার মাধ্যমে-এর ক্যামেরা বা অডিও ফাংশনের কার্যকারিতা বাড়াতে পারবেন।

২০১৫ সালে এলজি নির্মিত ‘জি৪’ স্মার্টফোন প্রত্যাশা মোতাবেক বিক্রি না হলেও, নতুন স্মার্টফোন জি৫-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আবার ব্যবসায় ফিরতে পারবে বলে আশা করছে। প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগ প্রধান চো জুনো বলেন, “নতুন গ্রাহক তৈরির জন্য অতিরিক্ত অর্থ খরচের এটিই উপযুক্ত সময়।” তবে, এ বিষয়ে বাড়তি  আর কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি।

চো জানান, চলতি বছরে লাভের ক্ষেত্রে তারা আরও উন্নতি আশা করছেন। আগের সব ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো শুধু দক্ষিণ কোরিয়াতেই উন্মোচন চর্চা বাদ দিয়ে, এবার প্রতিষ্ঠানটি পুরো বিশ্বে জি৫ উন্মোচন করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

জি৫ উন্মোচনের পর চলতি সপ্তাহে এলজি-এর শেয়ার মূল্য ৩ শতাংশ বেড়েছে।

কোরিয়াভিত্তিক সিকিউরিটি এজেন্সি 'ডাইশিন সিকিউরিটজ' এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এলজি প্রায় এক কোটির মতো ‘জি৫’ ডিভাইস বিক্রি করতে পারে, যা হ্যান্ডসেট বিক্রির ক্ষেত্রে এলজি-এর জন্য একটি নতুন রেকর্ড সৃষ্টি করবে।