এফবিআই-কে কংগ্রেস সদস্যের চিঠি
অ্যাপলের বিরুদ্ধে চালানো আইনি লড়াই থামাতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-কে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য টেড লিও।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার এফবিআই পরিচালক জেমস কোমে-এর উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছেন ওই কংগ্রেস সদস্য।
জেমস কোমে-এর উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে কংগ্রেস সদস্য লিও জানিয়েছেন, এফবিআই আদালতকে এমন একটি বিষয়ে ব্যবহার করতে চাইছে, যেখানে আদালতের কোনো কিছু করার ক্ষমতা নেই। একই সঙ্গে এফবিআই একটি মার্কিন প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রযুক্তিকে দূর্বল করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
লিও বলেন, “সংকটপূর্ণ ও প্রয়োজনীয় এই আইনি আলোচনায় মামলার মাধ্যমে ফাঁদ তৈরি না করে, আমাদের উচিত কিছুটা সময় নেওয়া এবং পরস্পরের সঙ্গে আলোচনা করা।”
২০১৫ সালের ২ ডিসেম্বর স্যান বার্নার্ডিনো-এর এক ঘটনায় ১৪ জন নিহত এবং ২১ জন গুরুতর আহত হন। এমনকি অভিযুক্ত ফারুকও ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরবর্তীতে ফেব্রুয়ারির ১৬ তারিখ যুক্তরাষ্ট্রের এক আদালত নির্দেশ জানায়, অ্যাপল-কে স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ড তদন্তে এফবিআই-কে সহযোগিতা করতে হবে।
সমস্যা হল, এফবিআই ‘আবদার’ করে বসেছে কেবল ওই একটি ফোন নয়, সকল আইফোনের জন্যই যখন-তখন আনলকের একটি ‘পথ’ বানিয়ে দিতে হবে অ্যাপলকে। যদিও এফবিআই বলছে, এই তদন্তের জন্য কেবল একবারই ব্যবহার করা হবে ওই সুবিধা।
জবাবে ফেব্রুয়ারির ১৭ তারিখ অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে এফবিআই-কে বিশেষ ওই অনুরোধে কোনো প্রকারের সহযোগিতা করবে না প্রতিষ্ঠানটি।
এদিকে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক-এর ভাষ্যে, সরকার অ্যাপলকে ফোন আনলক করতে বলছে না। উল্টো নিজ গ্রাহকের ডেটা হ্যাকের জন্য ব্যাকডোর তৈরি করতে বলছে। পরবর্তীতে যেটির সুযোগ যে কেউ নিতে পারবে। আর এ কারণেই অ্যাপল এফবিআই-কে বিশেষ এই ‘সহযোগিতা’ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
কুকের এই বক্তব্যের সঙ্গে ইতোমধ্যেই একমত প্রকাশ করেছে সিলিকন ভ্যালির অসংখ্য প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান ও সেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। এদের মধ্যে গুগলের সুন্দার পিচাই, টুইটারের জ্যাক ডরসি, ফেইসবুকের মার্ক জাকারবার্গ-এর মতো ব্যক্তিরা রয়েছেন। তবে, সম্প্রতি আইফোন আনলকে এফবিআই-কে অ্যাপলের সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট-এর সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
প্রাইভেসি আর নিরাপত্তা নিয়ে চলমান ওই বিতর্ক প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সমাধান করা উচিত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন এফবিআই পরিচালক।
এফবিআই-কে পাঠানো ওই চিঠিতে লিও আরও বলেন, “আপনি যেমন বলেছেন এই গভীর সমস্যার সমাধান বিষয়ে প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক সেভাবে এফবিআই-এরও উচিত নয় এটি নিয়ে আগানো। এ বিষয়ে কংগ্রেস, শেয়ারমালিক আর মার্কিন জনগণকে আলোচনার সুযোগ দিয়ে এই কঠিন সমস্যা সমাধান করতে দিন। তবে তা আলেক্সান্ডার গ্রাহামবেল টেলিফোন উদ্ভাবনের ৮৭ বছরের আগের আইন ও অনির্বাচিত বিচারকদের দিয়ে নয়।”
লিও-এর এই চিঠি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।
