গুজবের অবসান ঘটাল স্যামসাং
গুজব ছড়িয়েছিল, নিজেদের মেডিক্যাল সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং মেডিসন কোম্পানি লিমিটেডের সিংহভাগ শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। কিন্তু ফেব্রুয়ারির ২৩ তারিখ বিষয়টি অস্বীকার করে গুজবটির ইতি টেনেছে প্রতিষ্ঠানটি।
দক্ষিণ কোরিয়ান অনলাইন প্রকাশনা কোসানবিজ এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্চ মাস নাগাদ মেডিসন-এর ৬৮.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে স্যামসাং ইলেকট্রনিক্স এবং ইতোমধ্যেই সম্ভাব্য ক্রেতা খোঁজা শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছিল, স্যামসাং মেডিসনের আয় কম হওয়ার কারণেই প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম ২০১১ সালে স্যামসাং মেডিসনের শেয়ার কিনেছিল স্যামসাং ইলেকট্রনিক্স। পরবর্তীতে নিজেদের ব্যবসার পোর্টফোলিও আরও বৈচিত্রময় করতে এবং পরিসর বাড়ানোর লক্ষ্যে ওই বছরেরই সেপ্টেম্বরের শেষ নাগাদ ৪৭,৮০০ কোটি ওনের বিনিময়ে প্রতিষ্ঠানটির সব শেয়ার কিনে নিয়েছিল স্যামসাং ।
এটি ঠিক যে সাম্প্রতিক সময়ে আয়ের বদলে ক্ষতি হচ্ছিল প্রতিষ্ঠানটির। ২০১৫ সালের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটির পরিচালনা ক্ষতি ধরা হয়েছে ১,৫০০ কোটি ওন – জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। কিন্তু সেজন্য এত দ্রুত প্রতিষ্ঠানটি হাতছাড়া করছে না স্যামসাং। বর্তমানে স্যামসাং প্রযুক্তি ও ফার্মাসিটিউক্যালস গবেষণার পরিসর আগের তুলনায় বাড়াচ্ছে বলেই জানিয়েছে রয়টার্স।
