২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাভোলো সিস্টেমস-কে কিনছে ওরাকল

অনেকদিন থেকেই নিজেদের ক্লাউড কম্পিউটিংয়ের পরিসর বাড়ানোর চেষ্টা করছে ব্যবসায়িক সফটওয়্যার নির্মাতা ওরাকল কর্পোরেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ইসরাইলি ক্লাউড সফটওয়্যার প্রতিষ্ঠান রাভেলো সিস্টেমস কিনতে রাজি হয়েছে এবং ওরাকল ও রাভেলো দুটি প্রতিষ্ঠানই নিজেদের ওয়েবসাইটে এই বিষয়টি নিশ্চিত করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 09:48 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

ক্রয়-বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করলেও, এতে কী পরিমাণ আর্থিক লেনদেন হবে সে বিষয়ে মুখ খোলেনি কোনো প্রতিষ্ঠানই। তবে ইসরাইলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মারফত জানা গেছে, এতে ৪০ কোটি ডলার থেকে ৪০ কোটি ৫০ লাখ ডলারের মতো আর্থিক লেনদেন হচ্ছে। এ বিষয়ে রাভেলো এবং ওরাকল কোনো প্রতিষ্ঠানই মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

২০১১ সালে প্রতিষ্ঠিত রাভেলো সিস্টেমস-এর প্রায় ৬০ জনের মতো কর্মকর্তা/কর্মচারী রয়েছে এবং প্রতিষ্ঠানটি নিজেদের বৃহত্তম শেয়ারহোল্ডার নরওয়েস্ট ভেঞ্চার পার্টনারস, সিকুয়োইয়া ক্যাপিটাল ও বেসেমার ভেঞ্চার পার্টনারস-এর কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ ডলার সংগ্রহ করেছে।

ওরাকল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সব রাভেলো কর্মকর্তা ও কর্মচারী ‘ওরাকল পাবলিক ক্লাউড’-এর অংশ হিসেবে ওরাকলে যোগ দেবে। অন্যদিকে রাভেলো প্রধান নির্বাহী রামি তামির নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানিয়েছেন, গ্রাহকদের জটিল সমস্যা সমাধানে ওরাকলের বর্তমান ক্ষমতাকে আরও গতিময় করে তুলবে রাভেলো।