২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনক্রিপশন লড়াইয়ে অ্যাপলের বিপক্ষে গেটস

যা কল্পনাও করা সম্ভব হয়নি, তা-ই বলে বসলেন বিল গেটস। আইফোন আনলকে এফবিআই-কে অ্যাপলের সহযোগিতা করা উচিত বলে মনে করেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট-এর এই সহ-প্রতিষ্ঠাতা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

ব্যবসায়িক জগতে অ্যাপল ও মাইক্রোসফট শুরু থেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। ডেস্কটপ কম্পিউটিং থেকে শুরু করে অপারেটিং সিস্টেম, মোবাইল ফোন, গান সবগুলো ক্ষেত্রেই বাজারে একে অন্যের প্রতিদ্বন্দ্বীতা করেছে প্রতিষ্ঠান দুটি। এমনকি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আদতে ম্যাক ইন্টারফেইস-কে নকল করে বানানো হয়েছে এমন মন্তব্যও একাধিকবার করেছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস।

তবে গেটস নিজ অবস্থান প্রকাশের পাশপাশি এমনটি কেন মনে করেছেন, তা জানিয়েছেন।

এ বিষয়ে গেটসের ভাষ্য হচ্ছে, “এটি একটি সুনির্দিষ্ট মামলা, যেখানে সরকার তথ্যে প্রবেশাধিকার চাইছে। এখানে কিন্তু সাধারণ কোনো কিছু চাওয়া হচ্ছে না। একটি বিশেষ মামলার জন্য এই তথ্য চাওয়া হচ্ছে।”

সমস্যা হল, এফবিআই আবদার করে বসেছে কেবল ওই একটি ফোন নয়, সকল আইফোনের জন্যই যখন-তখন আনলকের একটি ‘পথ’ বানিয়ে দিতে হবে অ্যাপলকে। যদিও এফবিআই বলছে, এই তদন্তের জন্য কেবল একবারই ব্যবহার করা হবে ওই সুবিধা।

এ ছাড়াও গেটস বলেছেন, “ধরে নেওয়া যাক কোনো ব্যাংক তার রেকর্ডের ডিস্ক ড্রাইভের চারপাশ ফিতা দিয়ে ঘিরে রেখেছে। ওই রেকর্ডের প্রয়োজন পড়েছে। এখন ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে, আমাকে এই ফিতা কাটতে বাধ্য করবেন না, তাহলে সামনে আরও অনেকবার আপনি আমাকে এই ফিতা কাঁটতে বলবেন।”

এদিকে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক-এর ভাষ্যে, সরকার অ্যাপলকে ফোন আনলক করতে বলছে না। উল্টো নিজ গ্রাহকের ডেটা হ্যাকের জন্য ব্যাকডোর তৈরি করতে বলছে। পরবর্তীতে যেটির সুযোগ যে কেউ নিতে পারবে। আর এ কারণেই অ্যাপল এফবিআই-কে বিশেষ এই ‘সহযোগিতা’ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

কুকের এই বক্তব্যের সঙ্গে ইতোমধ্যেই একমত প্রকাশ করেছে সিলিকন ভ্যালির অসংখ্য প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান ও সেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। এদের মধ্যে গুগলের সুন্দার পিচাই, টুইটারের জ্যাক ডরসি, ফেইসবুকের মার্ক জাকারবার্গ-এর মতো ব্যক্তিরা রয়েছেন।

এ ছাড়াও এই লড়াইয়ে অ্যাপলকে সমর্থন জানিয়েছে, রিফর্ম গভর্নমেন্ট সার্ভিলিয়েন্স সংস্থা। উল্লেখ্য, এই সংস্থার অন্যতম সদস্য মাইক্রোসফট। কিন্তু তারপরেও গেটস অ্যাপলের সিদ্ধান্তের বিপক্ষেই নিজ মতামত জানালেন। এখন দেখার বিষয়, মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী সত্য নাদেলা এ প্রসঙ্গে কী বলেন। কারণ নাদেলা এখনও নিজ অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানাননি এবং এ বিষয়ে কোনো মন্তব্যও করেননি বলেই জানিয়েছে ব্যবসা, তারকা ও প্রযুক্তিবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।