ভাইরাস বদলে দিল গাড়ির নাম!
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি নিজেদের নতুন গাড়ি জিকা হ্যাচব্যাক-এর নাম পাল্টে ‘টিয়াগো’ করে দিয়েছে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর্স। দূর্ভাগ্যক্রমে ভাইরাসের সঙ্গে নিজেদের তৈরি গাড়ির নাম মিলে যাওয়ায়, সম্প্রতি ওই গাড়ির নাম পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি।
জিকা ভাইরাসের সংবাদ ছড়িয়ে পড়ার পর ফেব্রুয়ারি মাসে ভারতের রাজধানী নয়া দিল্লীতে আয়োজিত এক ‘মোটর শো’-তে প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছিল, তারা নিজেদের গাড়ি জিকা হ্যাচব্যাক-এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখবেন।
প্রচারণার শুরু থেকেই নিজেদের জিকা হ্যাচব্যাক গাড়িটিকে একটি প্রতিষ্ঠিত রূপ দেওয়ার চেষ্টা করেছে টাটা মোটর্স। এমনকি গাড়িটির প্রচারণার জন্য মাঠ থেকে রাস্তায় নিয়ে আসা হয়েছিল ফুটবল তারকা লিওনেল মেসি-কে। টাটা নির্মিত ওই গাড়ির বাজার মূল্য ৫,৮৩০ ডলার যা ভারতীয় মূল্যে চার লাখ রুপি।
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড এবং হিউন্দাই মোটর কোম্পানি লিমিটেড নির্মিত একই দামের গাড়িগুলোর সঙ্গে বাজার প্রতিযোগিতা সৃষ্টি করার জন্যই মূলত এই গাড়ি নিয়ে বাজারে আসছে ভারতের পঞ্চম বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি-- জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। বহুল পরিচিত জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডের মালিকানাও এই প্রতিষ্ঠানটির হাতে।
টাটা মোটর্স-এর এক বিবৃতি থেকে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসের শেষ নাগাদ নিজেদের নতুন গাড়ি ‘টিয়াগো’ বাজারে নিয়ে আসবে প্রতিষ্ঠানটি।
