অ্যাপল-এফবিআই নিয়ে এবার জাকারবার্গ
যুক্তরাষ্ট্রে চলমান অ্যাপল-এফবিআই লড়াইয়ে সরাসরি অ্যাপলকে সমর্থন জানানোর পাশাপাশি এবার নিজ অবস্থানের বিষয়টিও পরিষ্কার করেছেন ফেইসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ২২ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জনসম্মুখে অ্যাপল ও টিম কুক-কে সমর্থন জানিয়েছেন জাকারবার্গ।
জাকারবার্গ এ প্রসঙ্গে জানান, তিনি মনে করেন ব্যাকডোর তৈরি করার বিষয়টি ‘সঠিক পথ’ হতে পারে না এবং সান বার্নর্ডিনো হত্যাকারীর আইফোনের ডেটা সংগ্রহের ক্ষেত্রেও এটি ‘কার্যকরী’ কোনো সমাধান নয়। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই এ বিষয়ে আমাদের মতামত প্রকাশ করেছি এবং এ বিষয়ে আমাদের অবস্থান টিম ও অ্যাপলের পক্ষে।”
যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত সৈয়দ রিজোয়ান ফারুকের ব্যবহৃত আইফোন আনলকের প্রয়োজন পড়ে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই-এর।
সমস্যা হল, এফবিআই আবদার করে বসেছে কেবল ওই একটি ফোন নয়, সকল আইফোনের জন্যই যখন-তখন আনলকের একটি ‘পথ’ বানিয়ে দিতে হবে অ্যাপলকে। যদিও এফবিআই বলছে, এই তদন্তের জন্য কেবল একবারই ব্যবহার করা হবে ওই সুবিধা।
ফেব্রুয়ারির ১৮ তারিখ সিলিকন ভ্যালির অন্যান্য প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে অ্যাপলকে সমর্থন জানিয়েছিল ফেইসবুক। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সমর্থন জানালেও, অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রধানদের মতো এ বিষয়ে এতদিন নিজ মতামত জানাননি জাকারবার্গ। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিষয়ে জাকারবার্গ নিরব ভূমিকা পালন করেছেন বলেই মন্তব্য করেছে সংবাদসংস্থা রয়টার্স।
অন্যদিকে গত সপ্তাহেই ওয়েব জায়ান্ট গুগল ও সামাজিক মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী অ্যাপলকে সমর্থন জানানোর পাশপাশি এ বিষয়ে তারা কী দৃষ্টিভঙ্গি পোষণ করছেন, সে বিষয়ে নিজ নিজ মতামত প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেছেন, “আমরা আপনার তথ্যের নিরাপত্তার জন্য নিরাপদ পণ্য তৈরি করি এবং বৈধ আইনি আদেশ মেনে আইনপ্রয়োগকারী সংস্থাকে ডেটায় প্রবেশাধিকার দিয়ে থাকি। কিন্তু নিজ গ্রাহকের ডিভাইস ও ডেটা হ্যাক করার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এটি ‘বাজে নজির’ সৃষ্টি করতে পারে।”
এর ঠিক একদিন পরেই সামাজিক মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক টুইট বার্তায় জানিয়েছিলেন, “আমাদের অবস্থান @টিম_কুক এবং অ্যাপলের সঙ্গে, (নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ)!”
