বন্ধ হয়ে যাচ্ছে ‘গুগল কমপেয়ার’
লঞ্চ করার এক বছর পরেই নিজ সেবা ‘গুগল কমপেয়ার’-এর ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে ওয়েব জায়ান্ট গুগল। আগ্রহীদেরকে যুক্তরাষ্ট্রভিত্তিক ওই ‘কমপ্যারিজন-শপিং’ সেবার সাইট থেকে গাড়ি বীমা, ক্রেডিট কার্ড এবং বন্ধক বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হত।
গুগলের এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত একাধিক সূত্র ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছেন যে সেবাটি বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ‘গুগল কমপেয়ার’ বিষয়ে নিজ অংশীদারদেরকে ইমেইল পাঠিয়েছে গুগল।
ওই ইমেইল বার্তায় মার্কিন এই প্রতিষ্ঠানটির তরফ থেকে অংশীদারদেরকে জানানো হয়েছে, ফেব্রয়ারি মাস থেকেই যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে ‘গুগল কমপেয়ার’ সেবা বন্ধের কাজ শুরু করতে যাচ্ছে তারা এবং চলতি বছরের মার্চ মাসের ২৩ তারিখ নাগাদ এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
এ ছাড়াও ওই ইমেইলে সেবা বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে গুগল জানিয়েছে, সেবাটি যেভাবে কাজ করবে বলে তারা আশা করেছিলেন, তা পূরণ হয়নি। আর তাই এ সেবার পেছনে আর সময় না দিয়ে, অ্যাডওয়্যার্ডস ও ভবিষ্যত উদ্ভাবনীর ক্ষেত্রে মনোনিবেশ করতে চাচ্ছেন তারা।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গুগলের কোনো মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
