২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্যও টেসলা গাড়ি

শিশুরা আগামীর ভবিষ্যত, তারা টেসলা গাড়ি চালাবে না, এটা মেনে নেওয়াটা কষ্টকর। আর তাই শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ‘টেসলা মডেল এস’ ছোট সংস্করণ নিয়ে চলতি বছরের মে মাসে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা চাইলে এখন থেকেই প্রি-অর্ডার করতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

নিজেদের গাড়ির মডেলের শিশু সংস্করণ বানাতে ও তা বাজারে আনতে ‘রেডিও ফ্লেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছিল টেসলা। বর্তমানে শিশুদের ওই গাড়িগুলোর উৎপাদন চলছে এবং সেগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৯৯ ডলার।

তিন থেকে আট বছর বয়সী যেকোনো শিশু এই এক সিটের গাড়ি চালাতে পারবে বলেই জানানো হয়েছে। লাল, নীল এবং ‘মিডনাইট সিলভার মেটালিক’-এই তিনটি রংয়ে পাওয়া যাবে গাড়িগুলো। গাড়িগুলোতে বিশেষ লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে যা দ্রুত চার্জ হবে এবং দীর্ঘক্ষণ চলতে পারবে বলেই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শিশুরা ওই গাড়িগুলো নিয়ে ঘণ্টায় ছয় মাইল বেগে ছুটতে পারবে। রাত হয়ে গেলেও সমস্যা নেই, গাড়িতে রয়েছে হেডলাইট। এ ছাড়াও নিজেদের গুরুত্বপূর্ণ খেলনা গাড়ির সামনে থাকা ট্রাংকে নিয়েই ঘুরতে পারবে শিশুরা। আর অভিভাবক যদি একটু সদয় হন, তাহলে প্রিমিয়াম ব্যাটারি, বিশেষ লাইসেন্স প্লেট ও ছোট ইনডোর গাড়ি কাভারও পেয়ে যাবে শিশুরা। সুতরাং শিশুদের চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই।

এই গাড়ি প্রসঙ্গে টেসলা প্রধান ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, “এই শিশু মডেল এস-এর বিষয়টি আসলেই বেশ মজার।”