জোট বাঁধছে ইনটেল ও এটিঅ্যান্ডটি
এবার ড্রোন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর লক্ষ্যে জোট বাঁধতে যাচ্ছে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এবং চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। তারহীন দ্রুত গতির এলটিই নেটওয়ার্কের সাহায্যে ড্রোন ব্যবহার পরীক্ষা করতেই প্রতিষ্ঠান দুটি এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে এটিঅ্যান্ডটি।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে এটিঅ্যান্ডটি জানিয়েছে, যৌথ এই উদ্যোগের মাধ্যমে এলটিই নেটওয়ার্কে বেশি উচ্চতায় এবং উড্ডয়নের সময় সম্ভাব্য নানা বাঁধা কাটিয়ে ড্রোন কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, সে বিষয়টিই পরীক্ষা করবে ইনটেল ও এটিঅ্যান্ডটি। এক্ষেত্রে ভিডিও স্ট্রিমিং ও উড্ডয়নবিষয়ক বিভিন্ন তথ্য সহযোগিতা করবে বলে জানিয়েছে রয়টার্স।
গত কয়েকবছর যাবত ড্রোন প্রযুক্তিতে বেশ ভালো পরিমাণে বিনিয়োগ করে আসছে ইনটেল। আর তারহীন নেটওয়ার্ক সৃষ্টির ক্ষেত্রে বাজারে এটিঅ্যান্ডটির আধিপত্যও কম নয়। যন্ত্রের মধ্যে সংযোগ, গাড়ির গ্যাজেট, বাড়ি এমনকি ড্রোনেও এখন এই প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভেরাইজন ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান।
এ বিষয়ে এটিঅ্যান্ডটি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিস পেনরোজ বলেন, “এটিঅ্যান্ডটি এবং ইনটেল মিলে পরীক্ষা করবে ঠিক কীভাবে এই নেটওয়ার্ক ড্রোনকে বিভিন্ন ব্যবসায়িক কাজে পারদর্শী করে তুলতে পারবে।” এটিঅ্যান্ডটি-এর এলটিই নেটওয়ার্ক কৃষি, বীমা এবং নির্মাণকাজে তারহীন যোগাযোগ তৈরিতে সাহায্য করবে বলেও জানান তিনি।
চলতি সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে, এটিঅ্যান্ডটি নেটওয়ার্ক ব্যবহার করে ড্রোনের ব্যবহার দেখানোর জন্য ‘ইনটেল ড্রোন জোন’ তৈরি করেছে ইনটেল।
