দেশে হচ্ছে নাসার হ্যাকাথন প্রতিযোগিতা
২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ অনুষ্ঠিত হবে নাসা আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) । ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বেসিস।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় বিমানচালনাবিদ্যা, স্পেস স্টেশন, সোলার সিস্টেম, তথ্যপ্রযুক্তি, পৃথিবী ও মঙ্গলযাত্রা বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগীরা। একক বা দলবদ্ধভাবে নিবন্ধনের মাধ্যমে যে কেউ নাসার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আগ্রহীরা এ সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। ২০ মার্চের মধ্যে করতে হবে এই নিবন্ধন।
অপর একটি ওয়েবসাইট থেকে প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার বিস্তারিত জানাতে সোমবার বেসিস মিলনায়তনে এই সংবাদ বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসিস পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান অপু, এলআইসিটি প্রকল্পে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর তারিক বরকতুল্লা, নাসা ক্যাম্প অ্যাম্বেসেডর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আফরোজ আল মামুন।
“এই প্রতিযোগিতা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বেসিস স্টুডেন্টস ফোরাম ৬৪টি জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার আয়োজন করবে। দেশের শীর্ষস্থানীয় মেন্টরদের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মেন্টরিংসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে”- বলেন বেসিস পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান অপু ।
এবারের প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম ও পিবাজার ডটকম।
এছাড়া অ্যাকাডেমিক পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।
