২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ে অ্যাপল-এর পক্ষে হুয়াওয়েই

সিলিকন ভ্যালির বিভিন্ন প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের পর এবার অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক-কে সমর্থন জানিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই-এর প্রধান নির্বাহী রিচার্ড ইউ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

বর্তমানে স্পেনের বার্সেলোনায় চলছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। সম্প্রতি ওই অনুষ্ঠানেই হুয়াওয়েই-এর প্রধান নির্বাহী ইউ অ্যাপল-এফবিআই লড়াই প্রসঙ্গে নিজ মতামত ও অবস্থান প্রকাশ করেছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

অ্যাপলকে সমর্থন জানিয়ে ইউ বলেছেন, “এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা তার সঙ্গে একমত। হুয়াওয়েই-এর জন্যও প্রাইভেসি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রাইভেসি রক্ষার্থে আমরা প্রচুর বিনিয়োগ করি, গ্রাহকদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।”

আর টিম কুক প্রসঙ্গে ইউ বলেন, “আমাদের হয়ে টিম কুক প্রাইভেসি রক্ষার ব্যাপারে কথা বলেছেন যা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, সরকারকে বোঝানো উচিত কেন আমরা এই কাজগুলো করতে পারি না। কিছু কাজ রয়েছে যা আমরা করতে পারি, আর এমন কিছু কাজ রয়েছে যা আমরা করতে পারি না।” ইউ-কে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, এমন পরিস্থিতির সম্মুখীন হলে হুয়াওয়েই-ও কী একই পদক্ষেপ নিত? উত্তরে ইউ জানিয়েছেন, গ্রাহকদের গুরুত্বকেই প্রাধান্য দিত হুয়াওয়েই।

ফেব্রুয়ারির ১৬ তারিখ যুক্তরাষ্ট্র আদালত এক নির্দেশে জানিয়েছিল, অ্যাপল-কে সান বার্নার্ডিনো হত্যাকাণ্ড তদন্তে এফবিআই-কে সহযোগিতা করতে হবে। আদালতের নির্দেশে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য আদালতের তরফ থেকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল অ্যাপলকে।

পরবর্তীতে ফেব্রুয়ারির ১৭ তারিখ অ্যাপলের পক্ষ অপারগতা জানানো হয়। কারণ এটি করতে হলে অ্যাপলকে এমন একটি ‘ব্যাকডোর’ তৈরি হবে যা প্রতিষ্ঠানটির গ্রাহকদের প্রাইভেসি ঝুঁকিতে ফেলে দেবে। অন্যদিকে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক গ্রাহকদের উদ্দেশ্যে এক চিঠিতে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র সরকার অ্যাপলকে নিজ গ্রাহকের ডেটা হ্যাক করতে বলছে।