মেইটবুক আনলো হুয়াওয়ে
অ্যাপলের আইপ্যাড প্রো আর মাইক্রোসফটের সারফেইস বুকের সঙ্গে পাল্লা দিতে এবার মাঠে নেমেই পড়লো চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্পেনের বার্সেলোনায় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬’-এ মেইটবুক নামের এই ট্যাবলেট উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
১২ ইঞ্চির এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ১০। এর এর সঙ্গে থাকছে আলাদা কি-বোর্ড আর স্টাইলাস যুক্ত করার সুযোগ। ডিভাইসটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দিয়েছে প্রতিষ্ঠানটি। আনা হয়েছে ইউএসবি-সি পোর্ট, যার মানে হচ্ছে পুরনো ইউএসবি যন্ত্রগুলো কাজ করবে না এতে।
এটিই হুয়াওয়ের প্রথম উইন্ডোজ ১০ চালিত ট্যাবলেট। এর আগের ট্যাবলেটগুলোর ক্ষেত্রে গুগল অ্যান্ড্রয়েড ওএস-এর উপরই নির্ভর করত ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিক্রির দিক দিয়ে বিশ্বের তৃতীয় সেরা এই প্রতিষ্ঠান, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
হুয়াওয়ে প্রধান রিচার্ড ইউ বলেন, “এই ডিভাউইস আসলে ডিজাইন আর উৎপাদন ক্ষেত্রে হুয়াওয়ের জ্ঞান প্রদর্শন করছে।”
এই ডিভাইসে রাখা হয়েছে, ইনটেল কোর এম-সিরিজ প্রসেসর আর ৮ জিবি পর্যন্ত র্যাম। ২১৬০X১৪৪০ রেজুলিউশনের এই ডিভাইসে ৫১২ জিবি পর্যন্ত জায়গা রাখা হয়েছে।
আইপ্যাড প্রো আর সারফেইস বুক, এই দুটি ডিভাইসই ল্যাপটপের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে বলে দাবি করেছে নির্মাতা। কিন্তু এই দুটি ডিভাইসের দামই তুলনামূলকভাবে চোখে পড়ারে মতো। কিন্তু এই ক্ষেত্রে হুয়াওয়ে অপেক্ষাকৃত কম দাম রাখছে। এই ডিভাইসটির দাম হবে ৭৯৯ ইউরো থেকে ১৭৯৯ ইউরো পর্যন্ত।
ধূসর আর সোনালী, এই দুই রঙে এই ডিভাইস পাওয়া যাবে বলে জানিয়েছে হুয়াওয়ে।
