২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মূল ব্যবসা প্রসঙ্গে আলোচনায় বসছে ইয়াহু

ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু যে নিজেদের মূল ব্যবসা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে তা পুরনো খবর। এ বিষয়ে নতুন খবরটি হচ্ছে, ২২ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আলোচনা শুরু করবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 07:15 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ইয়াহু বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, মূল ব্যবসা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে তারা একটি ‘স্বাধীন কমিটি’ গঠন করেছে।

প্রতিষ্ঠানটির এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য ক্রেতাদের তালিকায় রয়েছে ভেরাইজন, কমকাস্ট, এটিঅ্যান্ডটি, বেইন ক্যাপিটাল, কেকেআর এবং টিপিজি-এর মতো প্রতিষ্ঠান। প্রত্যেকটি প্রতিষ্ঠানই ইয়াহুর মূল ব্যবসা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মূল ব্যবসাগুলোর মধ্যে রয়েছে,  সার্চ, মেইল এবং সংবাদবিষয়ক বিভিন্ন সাইট।

অন্যদিকে প্রতিষ্ঠানটির ওই সূত্র জানিয়েছেন, আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইয়াহুর আলোচনা ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও, প্রথম দফার ‘বিডিং’ ন্যূনতম মাসখানেকের আগে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এই আলোচনা প্রসঙ্গে ইয়াহু এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে ব্যবসা, তারকা ও প্রযুক্তিবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।

শুরুতে শেয়ার মূল্যে নিজেদের মূল ব্যবসা চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল ইয়াহু। কিন্তু বিনিয়োগকারীদের অসম্মতি এবং সম্ভাব্য কর জটিলতার আশঙ্কা থাকায় ২০১৫ সালের ডিসেম্বর মাসে ওই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।