হে ট্রাম্প, ভাণ্ডারে তব বিবিধ রতন!
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সব পণ্য বর্জনের আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অ্যাপল যতদিন সান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্তের আইফোন আনলক না করে দেবে ততদিন পর্যন্ত বয়কট চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। আর এই আহ্বান জানানোর পরপরই বেচারা টুইট করেছেন আইফোন ব্যবহার করে।
২০১৫ সালের ২ ডিসেম্বর সান বার্নার্ডিনো-এর ওই ঘটনায় ১৪ জন নিহত এবং ২১ জন গুরুতর আহত হন। এমনকি অভিযুক্ত ফারুকও ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরবর্তীতে ফেব্রুয়ারির ১৬ তারিখ যুক্তরাষ্ট্রের এক আদালত নির্দেশ জানায়, অ্যাপল-কে সান বার্নার্ডিনো হত্যাকাণ্ড তদন্তে এফবিআই-কে সহযোগিতা করতে হবে।
সমস্যা হল, এফবিআই ‘আবদার’ করে বসেছে কেবল ওই একটি ফোন নয়, সকল আইফোনের জন্যই যখন-তখন আনলকের একটি ‘পথ’ বানিয়ে দিতে হবে অ্যাপলকে। যদিও এফবিআই বলছে, এই তদন্তের জন্য কেবল একবারই ব্যবহার করা হবে ওই সুবিধা।
জবাবে ফেব্রুয়ারির ১৭ তারিখ অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে এফবিআই-কে কোনো প্রকারের সহযোগিতা করবে না প্রতিষ্ঠানটি। অ্যাপলের ওই সিদ্ধান্তের প্রতিবাদেই প্রতিষ্ঠানটির সব পণ্য বর্জন করার আহবান জানিয়েছেন ট্রাম্প।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক র্যালিতে ট্রাম্প বলেন, “ওই সন্ত্রাসীর আইফোন থেকে তথ্য জোগাড় করার জন্য অ্যাপলের উচিত মার্কিন সরকারকে সহায়তা করা।” কিন্তু এই প্রতিবাদ জানানোর কিছুক্ষণ পর দেখা গেছে, আইফোন অ্যাপ ব্যবহার করে স্বয়ং ট্রাম্পের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে।
ওই ঘটনার পর তার একজন মুখপাত্র জানান, ট্রাম্প কোনো আইফোন ব্যবহার করেন না। কিন্তু ট্রাম্প পরবর্তীতে স্বীকার করেন “আমি আইফোন এবং স্যামসাং দুটো ফোনই ব্যবহার করি।” কিন্তু অ্যাপল এফবিআই-কে সহযোগিতা না করা পর্যন্ত তিনি স্যামসাং ফোন ব্যবহার করবেন।
অথচ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে অ্যাপল পণ্য তৈরির জন্য বিতর্ক করেছিলেন ট্রাম্প। অন্যদিকে সংবাদমাধ্যম স্কাইনিউজ মন্তব্য করেছে, ফোনের হিসেবে স্যামসাংকে বেছে নেওয়ায় এখন বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, পরোক্ষভাবে হলেও দক্ষিণ কোরিয়ান অর্থনীতিকে সমর্থন করছেন ট্রাম্প।
