এপ্রিলে আসছে ‘ভাইভ’
তাইওয়ানিজ প্রযুক্তি প্রতিষ্ঠান এইচটিসি জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসেই বাজারে আসছে তাদের নির্মিত ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ভাইভ। এ ছাড়াও প্রতিষ্ঠানটি জানিয়েছে, হেডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার।
২০১৫ সালেই বাজারে চলে আসার কথা ছিল ভাইভ-এর। কিন্তু বেশ কিছু জটিলতার কারণে সে সময় আর সেটি সম্ভব হয়নি। তাই চলতি বছরের এপ্রিলে উন্মোচন করা হচ্ছে হেডসেটটি। এদিকে বিবিসি জানিয়েছে, ফেইসবুকের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট অকুলাস রিফট বাজারে আসার ঠিক কয়েকদিন আগেই বাজারে আনা হচ্ছে ভাইভ।
এখন দেখার বিষয় আগ্রহী ক্রেতারা কোন হেডসেটটি বেছে নেবেন। তবে এক্ষেত্রে হেডসেটগুলোর দাম যে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিবিসি জানিয়েছে, অকুলাস রিফটের মূল্য এইচটিসি ভাইভ-এর চেয়েও ২০০ ডলার কম।
এ প্রসঙ্গে প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান ইনফর্মা-এর বিশেষজ্ঞ এড বার্টন জানিয়েছেন, দুটি হেডসেট-এর মূল্য নিয়েই ঝামেলার সম্মুখীন হবেন আগ্রহী গ্রাহকরা, কারণ হেডসেট-এর পাশাপাশি পিসির মান বাড়াতেও ভালো খরচ করতে হবে তাদের। তবে অকুলাসের মতো শুধু ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বাজারে আনছে না এইচটিসি। ভাইভের সঙ্গে দুটি কন্ট্রোলার এবং আগের প্রতিশ্রুতি মেনে, ফ্যান্টাস্টিক কন্ট্রাপিশন এবং জব সিমুলেটর নামের দুটি গেইমসহ হেডসেটটি বাজারে আনবে নির্মাতা প্রতিষ্ঠানটি। সপ্তাহখানেকের মধ্যেই ভাইভ-এর প্রি-অর্ডার নেওয়া শুরু করবে বলেই জানিয়েছে এইচটিসি।
