২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে অনেক ট্যাব, কীভাবে বাঁচাবেন ল্যাপটপ?

নেট ব্রাউজিংয়ে খোলা রাখতে হবে অনেকগুলো ট্যাব, কোনোটাই বন্ধ করা চলবে না। কিন্তু ল্যাপটপ তো আর এতে সায় দিচ্ছে না, গতি হয়ে যাচ্ছে মন্থর বা শেষ হয়ে যাচ্ছে ল্যাপটপ। এমন সমস্যার মুখোমুখি অনেক ব্যবহারকারীকেই হতে হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 06:31 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ক্রোম ব্রাউজারের এই সমস্যা থেকে রেহাই দেওয়ার উপায় দিয়েছেন ওয়েব ডেভেলপাররা।

এজন্য প্রথমে ব্যবহারকারীকে ক্রোম ব্রাউজারের ‘সেটিংস’ মেনুতে যেতে হবে। এই মেনুর নিচে ‘মোর টুলস’ নামের একটি অপশন রয়েছে। সেখানে যাওয়ার পর, নতুন আরেকটি মেনু দেখানো হবে, এতে ‘টাস্ক ম্যানেজার’ লেখা একটি অপশন দেখা যাবে।

এখানে ব্যবহারকারী যে ট্যাবগুলো ব্যবহার করছেন তার একটি তালিকা দেখতে পাবে, সেই সঙ্গে কোন ট্যাব কতটুকু মেমোরি নিচ্ছে সেই তথ্যও দেখানো হবে। সেখানে ‘মেমোরি’ বাটনে ক্লিক করে কোন ট্যাব সবচেয়ে বেশি মেমোরি ব্যবহার করছে সেই অনুযায়ী তালিকাটি সাজানো যাবে।

যদি ব্যবহারকারী কোনো একটি ট্যাব বন্ধ করে কিছু মেমোরি ফ্রি করতে চান, তাহলে শুধু তালিকায় ওই ট্যাবের উপর ক্লিক করে, বামে নিচে থাকা ‘এন্ড প্রসেস’ বাটনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ওই ট্যাবের কাজ।

কিন্তু এতে ব্যবহারকারীকে ট্যাবটি হারাতে হবে না। এজন্য যখন আবার দরকার হবে তখন স্ক্রল করে এটি খুঁজে নেওয়া যাবে এবং তা রিফ্রেশ করে ব্যবহার করা যাবে।

এই পদ্ধতি ব্যবহার করে ওয়েব ডেভেলপার প্রাইমোজ সিগলার জানান, এর ফলে মাত্র কিছু ক্লিক করেই তিনি তার ল্যাপটপের ব্যাটারির আয়ু দ্বিগুণ করতে সক্ষম হয়েছেন।