মেসেঞ্জারে চালু হচ্ছে বিজ্ঞাপন
খুব শীঘ্রই ফেইসবুক চ্যাটে চলে আসতে পারে বিজ্ঞাপন।
বিলেতি দৈনিক ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে, ফেইসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপন সেবা চালু করার পরিকল্পনা করছে মার্কিন এই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া এক দলিলের তথ্যের উপর ভিত্তি করে এমন খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
গোপন সূত্র থেকে পাওয়া ওই দলিলের ভাষ্যমতে, নতুন ফিচারটির মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আগেও ফেইসবুকে মেসেজ পাঠিয়েছেন এমন ব্যবহারকারীদেরকে মেসেজের মাধ্যমেই বিজ্ঞাপন পাঠাতে পারবেন।
ফেইসবুক নিজ মেসেজ অপশনটি গ্রাহকদের জন্য আরও বেশি সহজ এবং ব্যবহার উপযোগী করে তুলছে। তারা কোনো কনটাক্ট ফর্ম বা ইমেইল এর পদ্ধতি না রেখে সোজা কিছু বাটন এর ব্যবস্থা করে দিচ্ছে।
যদিও ফেইসবুক নিজেদের মেসেঞ্জার সম্পর্কে আগেই জানিয়েছে, “আমাদের লক্ষ্য মেসেঞ্জারকে আরও উন্নত করা, বিশ্বের ৮০ কোটি মানুষকে অভিজ্ঞতাটির সঙ্গে যুক্ত করা, আর এটি নিশ্চিত করা যে তারা কোনো অনাকাঙ্ক্ষিত মেসেজ পাবে না।”
