২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিওতে পানি নিরোধক ‘গ্যালাক্সি এস৭’

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬’। ওই অনুষ্ঠানেই নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৭ উন্মোচন করার কথা রয়েছে স্যামসাংয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 03:24 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

কিন্তু তার আগেই, মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘গ্যালাক্সি এস৭’ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটির। ধারণা করা হচ্ছে, নতুন ক্রেতাদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

২০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, পুরো সময় ফোনটিকে একটি সুইমিং পুলে ডুবিয়ে রেখেছে একটি মেয়ে। আর ভিডিওটির পাশেই এক পোস্টে লেখা, “২.২১.১৬-তে ফোনের ক্ষমতা সম্পর্কে পাল্টে নিন আপনার ধারণা”।

এই ভিডিও দেখার পর এমনটা মনে হতেই পারে, ‘পানি নিরোধক’ হতে যাচ্ছে আসন্ন গ্যালাক্সি এস৭। এর আগে মার্কিন প্রযুক্তি সাংবাদিক ইভান ব্লাস জানিয়েছিলেন, তার ধারণা, গালাক্সি এস ৭ ‘আইপি৬৭ স্ট্যান্ডার্ড’-এর হবে এবং এটি পানি ও ধুলামুক্ত থাকবে।

গ্যালাক্সি এস৭ ‘আইপি৬৭ স্ট্যান্ডার্ড’-এর মতো মানদণ্ডের হলে ফোনটি নিঃসন্দেহে পানি নিরোধক এবং ধুলামুক্ত হবে। পানির ক্ষেত্রে ১৫ সেন্টিমিটার থেকে ১ মিটার গভীরতা পর্যন্ত কাজ করবে ফোনটি। বিলেতি দৈনিক ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, এস৭ এবং এস৭ এজ-এ একই রকমের প্রযুক্তি থাকবে কিনা সে বিষয়টি এখনও অজানা।