২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ভেগা প্লাস

নতুন করে ক্লাসিক গেইম কনসোল স্পেকট্রাম জেডএক্স বাজারে উন্মোচন করার কয়েকদিনের মাথায় কনসোলটির পোর্টেবল সংস্করণ আনার জন্য ক্রাউডফান্ডিং সাইট ইন্ডিগোগো প্লাটফর্মে তহবিলের জন্য আহবান জানিয়েছিল রেট্রো কম্পিউটারস। ওই আবেদনে সাড়া দিতে খুব একটা দেরি করেননি আগ্রহী গেইমাররা। ৪৮ ঘণ্টার মধ্যেই সংগ্রহ হয়ে গেছে কাঙ্খিত তহবিল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

ইন্ডিগোগোর মাধ্যমে এক লাখ পাউন্ড সংগ্রহের জন্য মাঠে নেমেছিল নির্মাতা প্রতিষ্ঠানটি। পোর্টেবল কনসোলটির নাম দেওয়া হয়েছিল ‘জেডএক্স স্পেকট্রাম ভেগা প্লাস’। আর এর প্রোডাক্ট পেইজে জানানো হয়েছিল, উৎপাদনের জন্য কনসোলটি সম্পূর্ণ প্রস্তুত, এমনকি এর একটি প্রটোটাইপও তৈরি করা হয়েছে। শুধু ঘাটতি ছিল উৎপাদন তহবিলে। আগ্রহীদের কল্যাণে এখন আর সে সমস্যাও নেই। 

পোর্টেবল ওই কনসোলটিতে এলসিডি স্ক্রিনের পাশাপাশি বিল্ট-ইন মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে এবং ১,০০০ বিল্ট-ইন লাইসেন্সড গেইমসহ কনসোলটি বাজারে নিয়ে আসা হবে। এ ছাড়াও আগ্রহী গেইমারদের ডাউনলোডের জন্য অনলাইনে ১৪,০০০-এরও বেশি স্পেকট্রাম টাইটেল থাকছে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যারড। গেইমাররা চাইলে কনসোলটিকে টিভির সঙ্গেও যুক্ত করতে পারবেন।   

ভেগা প্লাস পোর্টেবল কনসোলটি ডিজাইন করেছেন রিক ডিকিনসন।কনসোলটিতে খেলার জন্য গেইমের কোনো কমতি হবে না বলেই জানিয়েছে ওয়্যারড। ভেগা প্লাস-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ পাউন্ড। ক্লাসিক ব্ল্যাক এবং লিমিটেড এডিশনের লাল, সাদা ও নীল রংয়ের ডিজাইনে বাজারে আসবে কনসোলটি।