এক ড্রামারের তিন হাত!
মিউজিকপ্রেমীদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে আরও বেশি উপভোগ্য মিউজিক সৃষ্টির লক্ষ্যে নতুন এক রোবোটিক হাত তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান জর্জিয়া টেক এর একদল গবেষক।
এই রোবোটিক হাতের মাধ্যমে ড্রামার এখন তিন হাত দিয়ে ড্রাম বাজাতে পারবেন। আর এই হাতের সাহায্যে যে মানের মিউজিক তৈরি করা সম্ভব সেটি দুই হাত দিয়ে মানুষ চেষ্টাও করতে পারবেনা।
রোবোটিক এই হাতটি ড্রামারের কাঁধের সঙ্গে লাগানো থাকবে। এটি মিউজিকের শব্দ শুনে এবং ড্রামারের নড়াচড়া ও গতি পর্যবেক্ষণ করে সেই তালের সাথে তাল মিলিয়ে ড্রাম বাজাবে। এই রোবোটিক হাতটি প্রতি সেকেন্ডে ২০ বার আঘাত করতে সক্ষম, যা কোন মানুষের দ্বারা সম্ভব নয়। আর এক্ষেত্রে এর কোন বিরতির প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
এ বিষয়ে জর্জিয়া টেক-এর সেন্টার ফর মিউজিক টেকনোলজি-এর পরিচালক গিল ওইয়েনবার্গ বলেন, “এটি আরও সমৃদ্ধ এবং পরিশীলিত ছন্দ, কারণ আপনি একই সঙ্গে আরও একটি বাড়তি বাদ্যযন্ত্রে আঘাত করতে পারছেন।”
ইতোমধ্যে এই রোবোটিক হাতটি বানানোর কাজ শেষ হয়েছে। তবে, এখনো এটি পেশাদার ড্রামার দিয়ে পরীক্ষা করে দেখা হয়নি যে, তারা বিষয়টি কেমন মনে করছেন। ওয়েইনবার্গ মনে করেন বর্তমানে তিন হাতে ড্রাম বাজানোর এই পদ্ধতি দুই হাতে বাজানোর থেকে ভালো। আর এটি এখনো কোন নির্দিষ্ট গান বাজানোর জন্য প্রোগ্রাম করা হয়নি।
২০০৬ সাল থেকেই ওয়েইনবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিউজিক তৈরি করার চেষ্টা করে আসছেন। এই হাত নিয়ে এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা হল, ড্রামারের মাথায় ব্রেইন স্ক্যানিং ব্যান্ড জুড়ে দেওয়া। তিনি দেখতে চান হাতটি ড্রামারের চিন্তাভাবনা ধরতে পেরে সেই অনুযায়ী বাজাতে পারে কিনা। এর আগে দুর্ঘটনায় হাত হারানো এক ড্রামারের জন্য এমন একটি হাত তৈরি করেছিলেন ওইয়েইনবার্গ।
