২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে 'অ্যান্টি-সুইসাইড টুল'

আত্মহত্যা প্রতিরোধে যুক্তরাজ্যে ‘অ্যান্টি-সুইসাইড টুল’ নামের নতুন এক ফিচার চালু করতে যাচ্ছে ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 06:07 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

স্কাই নিউজ জানিয়েছে, আত্মহত্যা প্রতিরোধী এই ফিচারটি আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের বিভিন্ন উপদেশ এবং সমর্থন প্রদান করবে। শুধু তাই নয় কোনো ব্যক্তির বা বন্ধুর আত্মহত্যার আশঙ্কা থাকলে যে কোনো ফেইসবুক ব্যবহারকারী তা বুঝতে পারার পরই জরুরী নম্বরগুলো ডায়াল করে বা অন্য কোনো বন্ধুকে জানিয়ে তা ঠেকাতে পারবেন। 

এ কাজে মানুষকে আবেগী সমর্থন দেওয়া দাতব্য প্রতিষ্ঠান সামারিটানস-এর সঙ্গে যুক্ত হয়েছে ফেইসবুক। এটি অ্যান্টি-সুইসাইড টুলের চিহ্নযুক্ত কোন পোস্ট ফেইসবুক রিভিউতে আসলে, ওই ব্যাক্তিদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত থাকবে এই দাতব্য সংস্থাটি।

এমন পোস্ট পেলে তারা একটি মেসেজ পাঠিয়ে বলবে, “হাই, আপনার একজন বন্ধু মনে করছেন আপনি জীবনের খুব কঠিন সময় পার করছেন। আপনার বর্তমান পোস্টগুলো আমাদের দেখার জন্য অনুরোধ করেছেন।” তবে, কেউ এই প্রস্তাবে রাজি না হলে, তা অগ্রাহ্যও করতে পারবেন।

ফেইসবুকের নিরাপত্তানীতি ব্যবস্থাপক জুলি দি ব্যালেইনকোর্ট বলেন, “ফেইসবুক কমিউনিটিকে নিরাপদ রাখা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ফিচারটি আরও উন্নত করার জন্য আমরা সামারিটানসসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি।"

তিনি আরও বলেন, “মানুষ সাধারণত পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য ফেইসবুক ব্যবহার করে। আর এ কারণেই, মানসিকভাবে বিপর্যস্ত কাউকে বা তার বন্ধু বা পরিবারের সদস্যদের সহায়তা, সমর্থন এবং উপদেশ প্রদানের জন্যে এই ফিচারটি চালু করেছি।”

একই রকম টুল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়ও চালু করা হয়েছে।