ব্রিটিশ ব্যাংক খাতে বায়োমেট্রিক 'ভয়েস প্রিন্ট'
ব্যাংকে বিভিন্ন কাজে পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের প্রচলনের সঙ্গে আমরা সবাই পরিচিত। খুব শীঘ্রই পাসওয়ার্ডের এমন ব্যবহার ইতিহাসে পরিণত হতে পারে। কেননা ব্যাংকিং ক্ষেত্রে বিভিন্ন কাজের নিরাপত্তা পাসওয়ার্ডের পরিবর্তে চালু হতে যাচ্ছে ভয়েস বায়োমেট্রিক পদ্ধতির ‘ভয়েস প্রিন্ট’।
সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দেড় কোটির বেশি এইচএসবিসি এবং ফার্স্ট ডিরেক্ট মোবাইল ব্যাংকিং গ্রাহক এখন তাদের অ্যাকাউন্ট পরিচালনায় এই নতুন পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন।
নুয়ান্স কমিউনিকেশনস নামের একটি কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এই ভয়েস বায়োমেট্রিক পদ্ধতি সরবরাহ করছে। এই পদ্ধতি একশ'র বেশি ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর তাদের উচ্চারণের গতিপ্রকৃতিসহ শনাক্ত করতে পারে। এ ছাড়াও এটি নাসিকা ধ্বনি ও কণ্ঠনালীর প্রকৃতিও শনাক্ত করতে সক্ষম। যেসব গ্রাহক তাদের ‘ভয়েস প্রিন্ট’ রেকর্ড করবেন, তাদের অ্যাকাউন্ট অ্যাকসেস করতে 'ভয়েস প্রিন্ট; দেওয়ার পর আর নিরাপত্তা পাসওয়ার্ড বা পিন ব্যবহারের প্রয়োজন হবে না।
উতোমধ্যে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি সারাবিশ্বে ভালোই প্রচলিত। অনেক স্মার্টফোনে এই প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকেরা তাদের ডিভাইস আনলক করেন। অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য পাসওয়ার্ড যথেষ্ট নিরাপদ নয় কেননা এটি সহজেই অনুমান করা যায় এবং বারবার পরিবর্তনও করা হয় না। এ কারণে পাসওয়ার্ড পদ্ধতি থেকে সরে এলে নিরাপত্তা বাড়বে বলেই বলা চলে।
ফার্স্ট ডিরেক্ট-এর প্রধান নির্বাহী ট্রেসি গ্যারাড জানান, এই পদ্ধতি দ্বারা শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্য শনাক্ত করা হয় তাই এটি অনুকরণ করা ‘প্রায় অসম্ভব’। তিনি বলেন, “যুক্তরাজ্যের ব্যাংকিংয়ের ক্ষেত্রে এর প্রচলন যখন বিস্তৃত হবে, তখন অন্যান্য খাতেও শিগগির আমাদের এই পদ্ধতি অনুসরণ করবে।”
যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক বারক্লেইস জানিয়েছে, ২০১৩ সাল থেকে সম্পত্তি নিরাপত্তা সেবাদানে তারা গ্রাহকদের এই সুযোগ প্রদান করে আসছেন। খুব শিগগির এই পদ্ধতি সারা বিশ্বে সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন তারা।
