২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এরর ৫৩ সমস্যার ইতি টানল অ্যাপল

এরর ৫৩ সমস্যার জন্য আইফোন গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে অ্যাপল। ইতোমধ্যে সমস্যাটির সমাধানে ‘ফিক্স’-ও ছেড়েছে প্রতিষ্ঠানটি। এ কাজটি না করলে ‘ক্লাস অ্যাকশন’ মামলার সম্মুখীন হওয়ার আশঙ্কা ছিল অ্যাপল-এর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

কিছুদিন আগে সফটওয়্যার আপডেট দেওয়ার সময় হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছিল অসংখ্য ব্যবহারকারীর আইফোন। এর কারণ হিসেবে তাদেরকে অ্যাপল জানিয়েছিল, তাদের ফোনটি তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে ঠিক করানো হয়েছে এবং ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পরিবর্তন করা হয়েছে। এমনকি এই সমস্যার সমাধানে গ্রাহকদের সাহায্য করা তো দূরে থাক, নতুন ফোন কেনারও পরামর্শ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

পরবর্তীতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভোগান্তির শিকার গ্রাহকরা আইনজীবিদের সহায়তায় এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং যেহেতু বিষয়টি ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করেছে, সেহেতু আদালতে মামলাটি উঠলে তা ‘ক্লাস অ্যাকশন’ হিসেবে বিবেচিত হত। কিন্তু এর মধ্যেই বিষয়টি নিয়ে ক্ষমাপ্রার্থনা করেছে অ্যাপল এবং এই সমস্যা সমাধানের জন্য নতুন সফটওয়্যার আপডেট ছেড়েছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। সফটওয়্যার আপডেটটি পেতে পিসি ব্যবহারকারীদের আইটিউনস-এর সাহায্য নিতে হবে, আর ম্যাক ব্যবহারকারীরা আপডেটটি সরাসরি পাবেন।

গ্রাহকদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে অ্যাপল বলেছে, “আমরা এই অসুবিধার জন্য ক্ষমা চাচ্ছি, এটি ‘ফ্যাক্টরি টেস্ট’-এর জন্য ডিজাইন করা হয়েছিল, গ্রাহকদের ভোগান্তিতে ফেলার জন্য নয়।”