শতকোটি ডলার ক্ষতিতে উবার
চীনে ব্যবসা প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে এক বছরে ১শ' কোটিরও বেশি ডলারের লোকসান হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের।
যুক্তরাষ্ট্রে বেশ লাভজনক অবস্থায় থাকলেও, চীন টিকে থাকার জন্য বেশ হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। উবারের প্রতিদ্বন্দ্বী চীনা প্রতিষ্ঠান ‘দিদি কোয়াইদি’ এর সঙ্গে ভাড়ার মূল্য নিয়ে প্রতিযোগিতাই এ লোকসানের কারণ বলে মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক।
রয়টার্স জানিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসে ১শ' কোটি ডলারেরও বেশি তহবিল উঠানোর পর প্রতিষ্ঠানবটির বাজারমূল্য ৮শ' কোটি ডলারের বেশি হয়ে যায়। কিন্তু চীনা বাজারে তীব্র প্রতিযোগিতায় টিকে থাকাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির জন্য।
ট্রাভিস কালানিক বলেন, “যুক্তরাষ্ট্রে আমরা লাভজনক অবস্থায় আছি, কিন্তু চীনে এক বছরে ১শ' কোটি ডলার ক্ষতি হয়েছে। আমাদের একটি ভয়ংকর প্রতিদ্বন্দ্বী আছে যারা তাদের ব্যবসা রয়েছে এমন প্রতিটি শহরেই লাভহীন, কিন্তু তারা বাজারের শেয়ার কিনে নিচ্ছে। আমার আশা দুনিয়ার সবখানে এমনটা হবে না।”
চীনের ইন্টারনেটযুক্ত পরিবহন সেবা বাজারকে বিশ্বের সবচেয়ে বড় বাজার করার লক্ষ্যে উবার আর দিদি কোয়াইদি দুই প্রতিষ্ঠানকেই প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিংস এবং টেনসেন্ট হোল্ডিংস প্রচুর অর্থ সহায়তা করে থাকে।
দিদি কোয়াইদির এক মুখপাত্র জানিয়েছেন, উবার যে খরচের কথা বলছে তা সত্য নয়। তিনি বলেন, “ছোট প্রতিষ্ঠানগুলোকে তাদের অপর্যাপ্ত চালক এবং যাত্রীদের নেটওয়ার্ক এর জন্য ভর্তুকি দিতে হয়”। দিদি কোয়াইদি বর্তমানে প্রায় চারশ’টি শহরে সেবা প্রদান করছে এবং অর্ধেক সংখ্যক শহরেই এটি ব্রেক-ইভেন পয়েন্ট অতিক্রম করেছে বলে তিনি জানান। যে পরিমাণ অর্থ আয়ের পর কোনো প্রতিষ্ঠানের খরচ আর আয় সমান হয়, কোনো লাভ বা ক্ষতি থাকে না তাকে ব্রেক-ইভেন পয়েন্ট বলা হয়।
অপরদিকে দিদি কোয়াইদিকে পেছনে ফেলতে উবার ২০১৬ সালের মধ্যে ৪০টি শহর থেকে ১০০টি শহরে নিজেদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এজন্য চীনে 'কীভাবে জেতা যায়" এমন মূল্য নির্ধারণ কৌশল ঠিক করতেও অর্থ খরচ করছে প্রতিষ্ঠানটি।
ট্রাভিস কালানিক বলেন, “আমি তহবিল উঠানোর চেয়ে পুঁজি বানানোকে বেশি গুরুত্ব দেই। কিন্তু আমি যদি তহবিল সমৃদ্ধ করায় অংশ না নেই, তাহলে বাজারে শেয়ার কেনার ক্ষেত্রে অন্যদের দ্বারা আমি ছিটকে পড়ব।"
