নিউ ইয়র্কে বিনামূল্যের পে ফোন
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভবিষ্যৎ প্রজন্মের উচ্চ প্রযুক্তির পে-ফোনের ব্যবহার শুরু করেছে দেশটি।
লিঙ্কএনওয়াইসি (LinkNYC) নামের নতুন এই পে ফোনের মাধ্যমে অভ্যন্তরীণ ফোন কল, ওয়েব ব্রাউজিং, অনলাইন ম্যাপ এমনকি ৩১১ এবং ৯১১ এর মতো জরুরী নগর সেবাগুলো পাওয়া যাবে। আর আশ্চর্যের ব্যাপার হল এই সবগুলো সুবিধা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
প্রচলিত অর্থে কয়েন, ক্রেডিট বা ডেবিট কার্ডে ব্যবহার করে যেসব ফোন থেকে কল করা যায়, সেগুলোকে পে ফোন বলা হয়। সংজ্ঞার দিক দিয়ে চিন্তা করলে পে ফোন তকমাটি 'লিঙ্কএনওয়াইসি' এর খুব বেশি সুবিচার করেনি। কারণ, এই পে ফোনে ব্যবহার করা হয়েছে আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত টাচস্ক্রিন ট্যাবলেট। ১৮ ফেব্রুয়ারি নতুন এই পে ফোন জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
লিঙ্কএনওয়াইসি এই সিস্টেমে আল্ট্রা ফাস্ট গিগাবিট ওয়াইফাই হটস্পট সুবিধা রয়েছে। এর মাধ্যমে ২৫০ এমবিপিএস স্পিডে ডাউনলোড করা যাবে। আপাতত এই ওয়াইফাই সুবিধা বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে।
বর্তমানে কয়েকটি পে ফোন দিয়ে এই সুবিধা চালু করা হলেও, আগামি গ্রীষ্মের মধ্যে আরও ৫১০টি লিঙ্কএনওয়াইসি ষ্টেশন বসানোর পরিকল্পনা রয়েছে দেশটির। আর আগামী ৮ বছরের মধ্যে ৭৫০০টি ষ্টেশন বসাবে তারা। আর সরিয়ে ফেলা হবে নিউ ইয়র্কে বর্তমানে প্রচলিত পে ফোনগুলো।
লিঙ্কএনওয়াইসি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের পেছনের রহস্য হল বিজ্ঞাপন। এই ব্যবস্থা ব্যবহারে নিউ ইয়র্কের মত জনবহুল শহরের লাখো মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার সুযোগ পাবে বিজ্ঞাপনসংস্থাগুলো। অর্থ পরিশোধের বদলে এখানে ব্যবহারকারীকে ইমেইল অ্যাড্রেস প্রদান করতে হবে। আর সেই ইমেইলের মাধ্যমেই ব্যবহারকারীকে বিস্তারিত বিজ্ঞাপন পাঠাবে বিজ্ঞাপনী সংস্থাগুলো।
