তিনশ’ কর্মী ছাটাই করছে ইয়াহু
পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের ১৮ এপ্রিলের মধ্যে তিনশ’রও বেশি কর্মী ছাটাই করবে ইয়াহু। আগের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, ১৫০০-এরও বেশি কর্মী ছাটাই করার কথা প্রতিষ্ঠানটির।
শুরুতেই এত কর্মী ছাটাই করলেও তা এক স্থান থেকে করা হবে না বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রধান কার্যালয় থেকে ১২৮ জন, স্যান ফ্রান্সিসকো কার্যালয় থেকে ৪৬ এবং লস অ্যাঞ্জেলস থেকে ৬০ জন কর্মী ছাটাই করবে জানিয়ে কর্মকর্তাদের কাছে নোট পাঠিয়েছে ইয়াহু।
এ ছাড়াও প্রতিষ্ঠানটি নিজেদের বুরব্যাংক অফিসও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে, এতে আরও ৯০ জন কর্মী চাকরি হারাবেন। এই ছাটাই প্রতিষ্ঠানটির মিডিয়া বিভাগ থেকে শুরু করে প্রকৌশল ও গবেষণা বিভাগে প্রভাব ফেলবে বলে জানিয়েছে রয়টার্স। এ প্রসঙ্গে ইয়াহু তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে ব্যবসায়িক জটিলতা কমাতে নিজেদের ডিজিটাল ম্যাগাজিনের প্রকাশনাও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে ইয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটির তরফ থেকে জনানো হয়েছিল, তারা নিজেদের মূল ইন্টারনেট ব্যবসায়ের ব্যাপারে ‘বিকল্প কৌশল’ অবলম্বন করার বিবেচনা এবং নিজেদের জনশক্তি থেকে ১৫ শতাংশ ছাটাই করবে।
