২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সবক্স ওয়ানে ‘গুরুত্বপূর্ণ’ আপডেট

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নিজেদের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের জন্য ২০১৬ সালের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ সফটওয়্যার আপডেট নিয়ে আসছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নতুন এই আপডেটটির ফলে কনসোলটি অনেকাংশে পরিবর্তিত হয়ে যাবে বলেই মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যারড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 03:37 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

নতুন আপডেটের ফলে এক্সবক্স ওয়ানের ড্যাশবোর্ড আরও বেশি ‘কাস্টোমাইজএবল’ হবে এবং ‘নিউ এক্সবক্স এক্সপেরিয়েন্স’ লঞ্চ করার সময় আগের যে ফিচারগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলোর অধিকাংশ আবার ফিরিয়ে আনা হবে। এ ছাড়াও সফটওয়্যার আপডেটটির বদৌলতে এক্সবক্স গেইমাররা নতুন ‘কমিউনিটি’ ও ‘সোশাল ম্যানেজমেন্ট’-এর অভিজ্ঞতা পাবেন।

এর ফলে কোনো গেইমে যোগ দেওয়ার আগে তা মাল্টিপ্লেয়ারে খেলা হচ্ছে কিনা তা যেমন জানা সম্ভব হবে, ঠিক সেভাবেই বন্ধুরা কার সঙ্গে গেইম খেলছে তাও সহজে জানতে পারবেন গেইমার। এজন্য গেইমারকে শুধু বন্ধুর প্রোফাইলে গিয়ে চ্যাট অপশনে ক্লিক করতে হবে। ‘ফ্রেন্ড সাজেশন’-এর বিষয়টির দিকেও নজর দেওয়া হয়েছে বলেই জানিয়েছে ওয়্যারড। নতুন আপডেটের পর ফ্রেন্ড সাজেশনে গেইমারট্যাগ, আসল নাম (যদি গেইমার দিয়ে থাকেন), গেইমারপিক এবং অ্যাভাটার দেখা যাবে।   

অন্যদিকে আপডেটটির পর গেইমাররা চাইলেই নিজ হোমস্ক্রিন নিজ ইচ্ছানুযায়ী সাজতে পারবেন। এমনকি অফলাইনে থেকেও চাইলে যাতে কিছু কনটেন্ট অ্যাকসেস করা যায়, সে বিষয়টিও ঠিক করে রাখতে পারবেন গেইমাররা। প্রথমে কনসোলে দেওয়া হলেও, পরবর্তীতে এই আপডেটটির অনেক কিছুই উইন্ডোজ ১০ এক্সবক্স ওয়ান অ্যাপে দেওয়া হবে এবং গেইমাররা ডেস্কটপ সংস্করণেও নতুন ‘কমপ্যাক্ট’ মোড দেখতে পাবেন বলেই জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট সাধারণত প্রতি মাসেই নিজ কনসোলের গেইমারদের জন্য ছোটখাট বিভিন্ন আপডেট নিয়ে হাজির হয়। কিন্তু এরকম বড় আপডেট খুব কম সময়ই দেখা যায় বলে মন্তব্য করেছে ওয়্যারড। এর আগে এক্সবক্স ওয়ানে এ ধরনের বড় মাপের আপডেট এসেছিল ২০১৫ সালের নভেম্বরে।