এবার অ্যাপলের পাশে ওজনিয়াক
এফবিআই-কে সহায়তার আদেশের বিরোধিতায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে সমর্থন দিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক।
সম্প্রতি তদন্তের স্বার্থে এফবিআই-কে সহায়তা করার জন্য অ্যাপল-কে নির্দেশ দেয় মার্কিন এক আদালত। ফেব্রুয়ারির ১৬ তারিখ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আদালতের এক বিচারক জানান, স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের মূল হোতা সৈয়দ রিজোয়ান ফারুক-এর আইফোনের এনক্রিপশন ভাঙতে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে।
আপত্তি থাকলে তা জানানোর জন্য ৫দিন সময়ও দেওয়া হয়েছিল মার্কিন এই টেক জায়ান্টকে। কিন্তু নিজ সিদ্ধান্ত জানাতে ৫ দিন সময়ও নেয়নি অ্যাপল। একদিন পরেই ১৭ ফেব্রুয়ারি নিজ সিদ্ধান্তে অ্যাপল জানিয়ে দিয়েছে, এই কাজে আইনপ্রয়োগকারীদের সহায়তা করবে না তারা।
গ্রাহকদের উদ্দেশ্যে এক চিঠিতে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, “আইফোনের একটি ব্যাকডোর' বানাতে আমাদেরকে অনুরোধ করেছে এফবিআই। সরকার অ্যাপলকে তাদেরই গ্রাহকদের হ্যাক করতে আর কয়েক দশক ধরে আমাদের গ্রাহকদের সুরক্ষায় ব্যবহৃত উন্নত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার আহ্বান জানিয়েছে। এই গ্রাহকরা তখন উচ্চ মানের হ্যাকার থেকে শুরু করে সাইবার অপরাধীদের সামনে অসহায় হয়ে পরবেন এবং এমন কোটি কোটি মার্কিন নাগরিক রয়েছেন। কোনো আমেরিকান প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করে তাদের বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিতে চাপ দেওয়া হয়েছে, এর আগে আমরা এমন কোনো নজির খুঁজে পাইনি।”
অ্যাপল প্রধানের সঙ্গে সুর মিলিয়ে ওজনিয়াক বলেন, "আমি টিম কুকের পাশে আছি। আমাদেরকে আমাদের মানবতা ধরে রাখতে হবে আর এখানে সেখানে ঘটা কোনো আবেগপ্রবণ ঘটনায় প্রভাবিত হয়ে চিন্তা করা যাবে না।"
সিএনএন জানিয়েছে, এফবিআই-এর জন্য কোনো গ্রাহকের আইফোন অ্যাকসেসের রাস্তা করে দেওয়া হলে, এর ফলশ্রুতিতে অন্যান্য আইফোনও হ্যাকারদের জন্য খুলে দেওয়ার একটি রাস্তা তৈরি হবে বলে মনে করেন তিনি। এমনকি অ্যাপল যদি ওই এফবিআই-কে ওই আসামীর আইফোন অ্যাকসেসের জন্য একটি ব্যাকডোর বানিয়ে দিতে সমর্থ হতো, তাও আদালতের এই আদেশ অ্যাপলের মেনে নেওয়া উচিত হত না বলে বিশ্বাস ওজনিয়াকের।
নিজে যখন অ্যাপলে কাজ করতেন তখন এই ধরনের কোনো আদেশ পেয়েছিলেন কি না তা মনে করতে পারেন না বলে জানান তিনি।
১৯৮৫ সাল পর্যন্ত অ্যাপলে কাজ করেছেন ওজনিয়াক। তবে, কাগজে-কলমে এখনও অ্যাপলের একজন কর্মী তিনি।
