২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল হ্যাক, মুক্তিপণ পরিশোধ

সম্প্রতি একটি ভাইরাস ইনস্টল করে হ্যাক করা হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউড প্রেসবাইটেরিয়ান মেডিক্যাল সেন্টার-এর কম্পিউটার সিস্টেম। হ্যাক হওয়া সিস্টেম ফিরিয়ে দিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা। শেষ পর্যন্ত ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের মাধ্যমে তাদেরক মুক্তিপণের অর্থ পরিশোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 03:29 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

ওই হ্যাকের ঘটনায় ৫ ফেব্রুয়ারি থেকে হাসপাতালের কম্পিউটার সিস্টেম অ্যাকসেস করা যাচ্ছিল না। আর এর ফলে, পুরো হাসপাতালের ব্যবস্থাই আটকে পড়ে। এই অ্যাকসেস পেতে হ্যাকারদেরকে ১৭ হাজার মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন পরিশোধ করেছে হাসপাতালটি।

হাসপাতাল প্রধান অ্যালেন স্টেফানেক বলেন, "মুক্তিপণ পরিশোধই ছিল আমাদের সিস্টেম আর প্রশাসনিক কার্যক্রম পুনরুদ্ধারে সবচেয়ে কার্যকরী ও দ্রুত উপায়।" এ কারণে, তাদেরকে এই উপায়ই অবলম্বন করতে হয়েছে বলেও জানান তিনি।

মুক্তিপণের দাবিতে কোনো প্রতিষ্ঠান সাইবার অ্যাক্রমণের আক্রমণের শিকার হয়েছে এমন ঘটনাগুলোর মধ্যে একে অন্যতম হিসেবে দেখা হচ্ছে বলা জানিয়েছে স্কাই নিউজ। এই হাসপাতাল হ্যাকাররা ইস্টার্ন ইউরোপ হ্যাকিং গ্রুপস নামে পরিচিত।

হ্যাকের ঘটনায় ভালোই নাকান-চুবানি খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কম্পিউটারের এই যুগে রোগীদের তথ্য রাখতে ডাক্তারদের ব্যবহার করতে হয়েছে কাগজ-কলম। প্রচলিত ইমেইল ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় ফ্যাক্স ব্যবহারে চাপ পড়ে আর এক পর্যায়ে তা জ্যাম হয়ে যায়। এমন শোচনীয় পরিস্থিতি জরুরী রোগীদের পাঠিয়ে দিতে হয় অন্য হাসপাতালে, জানিয়েছে রয়টার্স।

হাসপাতালের প্রশাসন এতটাই শংকিত ছিল যে, তারা প্রথমেই মুক্তিপণ দিয়ে দেয় আর পরে পুলিশকে অবহিত করে, ধারণা করছেন তদন্তকারীরা।

এ ঘটনার পর নড়েচড়ে বসেছে ওই এলাকার হাসপাতালগুলো। হসপিটাল অ্যাসোসিয়েশন অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া-এর মুখপাত্র জেনিফার বায়ের বলেন, "হাসপাতালগুলো নিশ্চিতভাবে এখন র‌্যানসমওয়্যার নিয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক আর এটা আসলেই এখন অনেক বড় হুমকি হয়ে দাড়িঁয়েছে।"